ভারত-পাকিস্তান ম্যাচের পর পাঞ্জাবে একদল কাশ্মীরি শিক্ষার্থীকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষার্থীদের শেয়ার করা ভিডিও ফুটেজে তাঁদের হোস্টেলের কক্ষে ভাঙা চেয়ার ও বিছানা উল্টে থাকতে দেখা যায়
ছবি: টুইটার থেকে নেওয়া

ভারতের পাঞ্জাব রাজ্যে একদল কাশ্মীরি শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাতে ভারত-পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ শেষে পাঞ্জাবের সাঙ্গরুর একটি ইঞ্জিনিয়ারিং কলেজে ওই হামলার ঘটনা ঘটে। হামলার সময় তাঁদের কক্ষে ভাঙচুর চালানো হয়।

আজ সোমবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের কাছে ভারত বড় ব্যবধানে হেরে যাওয়ার পর ভাই গুরুদাস ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলোজির কাশ্মীরের শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়। ঘটনার পরই সেখানে পৌঁছায় পাঞ্জাব পুলিশ। পুলিশ কর্মকর্তারা দাবি করেছেন, কলেজের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

ভাঙচুর চালানো কক্ষ দেখিয়ে লাঞ্ছিত এক কাশ্মীরি শিক্ষার্থী বলেন, ‘আমরা এখানে খেলা দেখছিলাম। এখানে পড়তে এসেছি আমরা। আমরাও ভারতীয়। কিন্তু আমাদের সঙ্গে কী করা হয়েছে দেখুন। আমরা কী ভারতীয় নই? তো মোদি (ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি) এখন কী বলবেন?’

ঘটনাটি খতিয়ে দেখার ও সেখানকার কাশ্মীরি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার জন্য পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণ জিত সিংয়ের প্রতি আহ্বান জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। তিনি টুইট করেছেন, ‘গত রাতে পাঞ্জাবের একটি কলেজে কিছু কাশ্মীরি শিক্ষার্থীকে শারীরিক ও মৌখিকভাবে লাঞ্ছিত করার কথা শোনাটা পীড়াদায়ক। এই ঘটনা খতিয়ে দেখার জন্য পাঞ্জাব পুলিশকে নির্দেশ দিতে এবং পাঞ্জাবে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে চরণ জিত সিংজির প্রতি আহ্বান জানাচ্ছি।’

তবে গত রাতের এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। আজ সোমবার সকালে পুলিশের উপস্থিতিতে উভয় পক্ষ একে অপরের কাছে ক্ষমা চেয়ে নিয়েছে বলে খবরে বলা হয়েছে। এর আগে লাঞ্ছিত কাশ্মীরি শিক্ষার্থীরা কিছু ভিডিও ফুটেজ শেয়ার করেন। ফুটেজগুলোতে তাঁদের হোস্টেলের কক্ষে ভাঙা চেয়ার ও বিছানা উল্টে থাকতে দেখা যায়। তাঁদের অনেকে শরীরে আঘাতের চিহ্ন দেখান। এসব ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ঘুরে বেড়াচ্ছে।