ভারত-পাকিস্তান সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত পাকিস্তানের উদ্দেশে বলেছে, অতীত ভুলে এখন ভবিষ্যতের দিকে তাকানো প্রয়োজন। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালকদের বৈঠকের দ্বিতীয় দিনে ভারতীয় প্রতিনিধিরা পাকিস্তানকে এই কথা বলেন। ভারত বলেছে, কে কী করেছে তা নিয়ে দুই দেশই হয়তো অনেক উদাহরণ দেবে। কিন্তু সেই ঝগড়াঝাঁটিতে না গিয়ে এখন দরকার এমন একটা ব্যবস্থার, যাতে পারস্পরিক দোষারোপ না করে পরিস্থিতি স্বাভাবিক করা যায়।
ভারত-পাকিস্তান সীমান্তে সংঘর্ষ এড়াতে ও সশস্ত্র অনুপ্রবেশ রুখতে যৌথ টহলদারির এক প্রস্তাব বৈঠকে আলোচিত হয়। তবে সেই টহলদারি জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর হবে কি না, তা নিয়ে টালবাহানা চলে। সীমান্ত সংঘর্ষ রুখতে আরও উচ্চস্তরে আলোচনার প্রয়োজনীয়তা নিয়েও কথা হয়। একটি সূত্রের মতে, বৈঠকে পাকিস্তানি রেঞ্জার্সদের পক্ষে বলা হয়, সশস্ত্র অনুপ্রবেশের খবর তারা পায় না। কারণ, ভারতের মতো তাদের কাছে উন্নত প্রযুক্তির যন্ত্রপাতি নেই।
মহাপরিচালক মেজর জেনারেল উমর ফারুক বার্কির নেতৃত্বে পাকিস্তান রেঞ্জার্সের প্রতিনিধিরা গতকাল শুক্রবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করেন। রাজনাথ তাঁদের বলেন, ভারত সব সময়ই তার প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক চায়। তিনি জানান, আন্তর্জাতিক সীমান্তে ভারত কখনোই পাকিস্তানের দিকে প্রথম গুলিটা ছুড়বে না।
রাজনাথের এই মন্তব্যের জবাবে মেজর জেনারেল বার্কি বলেন, তিনি নিতান্তই একটি বাহিনীর মহাপরিচালক। সিদ্ধান্ত গ্রহণের অধিকার তাঁর নেই। স্বরাষ্ট্রমন্ত্রীর এই মনোভাবের কথা তিনি পাকিস্তান নেতৃত্বকে জানাবেন।