ভারত-পাকিস্তানের উপদেষ্টাদের গোপন বৈঠক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও পাকিস্তানের নিরাপত্তা উপদেষ্টা নাসির খান জানজুয়া থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গোপন বৈঠকে বসেছিলেন। ছবি: সংগৃহীত
ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও পাকিস্তানের নিরাপত্তা উপদেষ্টা নাসির খান জানজুয়া থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গোপন বৈঠকে বসেছিলেন। ছবি: সংগৃহীত

গুপ্তচরবৃত্তির অভিযোগে পাকিস্তানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নাগরিক কুলভূষণ যাদবের (৪৭) স্ত্রীর জুতায় ‘রেকর্ডিং ডিভাইস’ থাকা নিয়ে দেশ দুটির মধ্য বিতর্ক হয়ে গেল কদিন আগেই। কুলভূষণের স্ত্রী ও মায়ের সঙ্গে পাকিস্তানের ‘আচরণ’ নিয়ে ভারতীয় গণমাধ্যম ছিল সরগরম। ভারতের সংসদেও উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। পাকিস্তানে চলেছে বিস্তর আলোচনা। এই সময়ের মধ্য দুই দেশের নিরাপত্তা উপদেষ্টারা নাকি গোপন বৈঠক করেছেন বলে গণমাধ্যমের খবরে বের হয়েছে।

পাকিস্তানের জিও টিভি ও ডন অনলাইনের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, ভারত ও পাকিস্তানের নিরাপত্তা উপদেষ্টারা (ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার-এনএসএ) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গোপন বৈঠকে বসেছিলেন। বৈঠক সম্ভবত গত ২৬ ডিসেম্বরে হয়েছে। বৈঠকের উদ্দেশ্য ছিল দেশ দুটির মধ্যে কোনো ভুল বোঝাবুঝি বা গুরুতর পরিস্থিতির তৈরি হলে তা ঠেকানো। বেশ কয়েকবার যুদ্ধে অবতীর্ণ হওয়া চির বৈরী এ দুই দেশের নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে পাকিস্তানের পক্ষে ছিলেন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা নাসির খান জানজুয়া এবং ভারতের পক্ষে অজিত দোভাল। নিরপেক্ষ স্থান হিসেবে বেছে নেওয়া হয় ব্যাংকককে।

গুপ্তচরবৃত্তির অভিযোগে পাকিস্তানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নাগরিক কুলভূষণ যাদবের সঙ্গে তাঁর মা ও স্ত্রীর দেখা হওয়ার পর দুই দেশের নিরাপত্তা উপদেষ্টারা গোপন বৈঠকে বসেছিলেন। ছবি: এএফপি
গুপ্তচরবৃত্তির অভিযোগে পাকিস্তানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নাগরিক কুলভূষণ যাদবের সঙ্গে তাঁর মা ও স্ত্রীর দেখা হওয়ার পর দুই দেশের নিরাপত্তা উপদেষ্টারা গোপন বৈঠকে বসেছিলেন। ছবি: এএফপি

ইন্ডিয়ান এক্সপ্রেস দাবি করেছে, কুলভূষণ যাদবের মা ও স্ত্রীর ইসলামাবাদ যাওয়া এবং পরবর্তী ঘটনা প্রবাহের সঙ্গে সম্পর্কিত ছিল না। বৈঠকের সময় ডিসেম্বরের শুরুতেই ‘নির্ধারিত’ হয়েছিল। ১৮ ডিসেম্বর নাসির খান জানজুয়ার করা এক মন্তব্যের পরিপ্রেক্ষিতে নিরাপত্তা উপদেষ্টারা বৈঠকে বসেন।
তবে ভারতীয় কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।

ডনের খবরে আরও বলা হয়েছে, দুই পক্ষই বৈঠকের কথা গোপন রাখার ব্যাপারে একমত হয়। কিন্তু পরে দুই দেশেরই গণমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

পাকিস্তানের গণমাধ্যমে বলা হয়, ব্যাংককের ওই বৈঠকের পর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে আলোচনা করেন নাসির খান জানজুয়া। নওয়াজের সঙ্গে পাঁচ ঘণ্টা বৈঠক করেন জানজুয়া। তবে তাঁদের মধ্য কী আলোচনা হয়েছে তা জানা যায়নি।