ভারত বন্ধ: দেশজুড়ে সহিংসতা

ভারতের তফসিল জাতি ও উপজাতি সমাজের ডাকা ভারত-বন্ধে উত্তাল হলো দেশ। মধ্য প্রদেশে সংঘর্ষে নিহত হয়েছেন চারজন। রাজস্থানে মৃত্যু হয়েছে একজনের। রেল ও সড়ক অবরোধে বিপর্যস্ত হয়েছে পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, রাজস্থান, ওডিশা, ঝাড়খন্ড ও বিহারের জনজীবন। পাঞ্জাবে পরিস্থিতির মোকাবিলায় সেনাবাহিনীকে সতর্ক করা হয়েছে। দলিত সমাজের ওপর অত্যাচার বন্ধে প্রচলিত আইনের সরলীকরণের জন্য দেশ জোড়া এই বিক্ষোভ।
উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেও দেশের সর্বোচ্চ আদালত সরকারের আশু শুনানির আবেদন খারিজ করে দিয়েছে। তফসিল জাতি ও উপজাতি সমাজের এই ক্ষোভ, যা কিনা ‘দলিত জাগরণ’ বলে ইতিমধ্যে চিহ্নিত, বিজেপি নেতৃত্বাধীন সরকারের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। বিজেপি ও শরিক দলগুলির দলিত নেতারা সরকারের ওপর ক্রমাগত চাপ সৃষ্টি করে চলেছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও দলিতদের সমর্থন করে মোদি-সরকারের সমালোচনা করেছেন।

দেশ জোড়া এই দলিত ক্ষোভের কারণ গত ২০ মার্চ সুপ্রিম কোর্টের এক রায়। তফসিল জাতি ও উপজাতিদের বিরুদ্ধে অত্যাচার বন্ধে ১৯৮৯ সালে প্রচলিত আইনে সংশোধন ঘটিয়ে তা আরও কঠোর করা হয়। সেই আইনে বলা হয়, দলিতদের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ এলেই সময় নষ্ট না করে অভিযুক্তকে গ্রেপ্তার করতে হবে। বিচারের আগে অভিযুক্তর জামিনের দাবিও অগ্রাহ্য করা হবে। এই বছরের ২০ মার্চ সেই আইনের ধারা সরল করে সুপ্রিম কোর্টের বিচারপতি আদর্শ কুমার গোয়েল ও বিচারপতি উদয় উমেশ ললিত বলেন, অভিযোগ পাওয়া মাত্রই সরকারি কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না। নিয়োগ কর্তার অনুমতি ছাড়া কোনো সরকারি কর্মীকে গ্রেপ্তারও করা যাবে না। সাধারণ নাগরিকদের গ্রেপ্তারের আগেও শীর্ষ পুলিশ কর্তার অনুমতি প্রয়োজন। পুলিশি তদন্তের পরেই সেই অনুমতি দেওয়া যাবে।
সর্বোচ্চ আদালত এই রায় দেওয়ার সময় জানান, বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে ‘আইনের অপব্যবহার’ করা হচ্ছে। নিরীহ মানুষজনকে ‘ব্ল্যাক মেল’ করা হচ্ছে।
দলিত সমাজে ক্ষোভ শুরু এই রায়ের পর থেকেই। সুপ্রিম কোর্টের এই রায়কে দেশের তফসিল ও দলিত সমাজ প্রচলিত আইনের সরলীকরণ বলে মনে করছে।

রায়ের পর কেন্দ্রীয় সরকার চুপ করে থাকায় দলিত সমাজে ক্ষোভ আরও বাড়ে। প্রতিবাদে শামিল হয় বিরোধী দলগুলি। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেন, বিজেপির দলিত-বিরোধী মনোভাব ও দেশজুড়ে দলিতদের ওপর অত্যাচারের পটভূমিতে এই রায়। রাহুলের নেতৃত্বে বিরোধীরা রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে দরবার করেন। সরকারকে সক্রিয় হওয়ার দাবি জানান। কেন্দ্রীয় সরকারের দলিত মন্ত্রী ও বিহারের লোকজনশক্তি পার্টির নেতা রামবিলাস পাসোয়ান এবং সামাজিক ন্যায়মন্ত্রী বিজেপির থেবরচাঁদ গেহলটও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করে সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার জন্য উদ্যোগী হতে বলেন। গেহলট চিঠি লেখেন আইনমন্ত্রী রবিশংকর প্রসাদকেও। তফসিল জাতি ও উপজাতি কমিশনের পক্ষেও সরকারকে অনুরোধ করা হয়। লোকসভায় বিজেপির দলিত সদস্যা সাবিত্রীবাই ফুলে লখনৌয়ে ‘সংবিধান রক্ষায়’ পদযাত্রা শুরু করেন। চাপে পড়ে কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে রায় বিবেচনার আবেদন জানায়। কিন্তু প্রধান বিচারপতি দীপক মিশ্র গতকাল সোমবার সরকারের আশু শুনানির দাবি খারিজ করে দেন। সুপ্রিম কোর্টের ২০ মার্চের রায়ের পর বিভিন্ন রাজ্যের হাইকোর্ট এই আইনে অভিযুক্তদের জামিন দিতে শুরু করেছে। অশান্তি তা নিয়েও। এরই প্রতিবাদে তফসিল ও দলিত সমাজের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সোমবার ভারত বন্ধের ডাক দেওয়া হয়। রাজ্যে রাজ্যে অশান্তি তা নিয়েই।
একার শক্তিতে বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকে দেশে মুসলমান ও দলিতদের ওপর অত্যাচার বেড়ে গেছে। গোসম্পদ রক্ষায় বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারগুলোর বাড়াবাড়ি এই অত্যাচারের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। ‘পিপলস ইউনিয়ন অব ডেমোক্রেটিক রাইটস’ বা পিইউডিআর-এর রিপোর্ট অনুযায়ী ২০১৬ জানুয়ারি থেকে ২০১৮ মার্চ পর্যন্ত গোসম্পদ রক্ষার নামে বাড়াবাড়িতে সারা দেশে ১৩৭টি অত্যাচারের ঘটনায় ২৯ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তদের মধ্যে ৭৫ শতাংশ মুসলমান ও ১২ শতাংশ দলিত। প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও ভাঙা হচ্ছে দলিত সমাজে পুজ্য বাবা সাহেব আম্বেদকরের মূর্তি। দলিত ও মুসলমানদের ওপর এই অত্যাচার উত্তর প্রদেশে মায়াবতী ও অখিলেশ যাদবকে কাছাকাছি টেনে এনেছে। সুপ্রিম কোর্টের ২০ মার্চের রায় দলিত ও তফসিল সমাজের কাটা ঘায়ে নুনের ছিটে দিয়েছে। আগামী মাসে কর্ণাটকে ভোট। বছর শেষ হওয়ার আগেই ভোট রাজস্থান, মধ্য প্রদেশ ও ছত্তিশগড়ে। শাসক দল বিজেপির কাছে এই পরিস্থিতি মোটেই সুখকর ও কাম্য নয়।