ভারত সরকারকে জাকির নায়েকের খোলা চিঠি
ভারত সরকারকে খোলা চিঠি দিয়েছেন দেশটির ইসলামি বক্তা জাকির নায়েক। চার পৃষ্ঠার এই চিঠিতে তিনি তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর ব্যাপারে জবাব দাবি করেছেন।
চিঠিতে ৫০ বছর বয়সী ইসলামি বক্তা জাকির নায়েক বলেন, ‘২৫ বছর ধরে আমি ইসলাম বিষয়ে বক্তব্য দিচ্ছি। এখন কেন আমার বিরুদ্ধে এসব অভিযোগ?’ বিশ্বের শতাধিক দেশে তাঁকে সম্মান করা হয় বলে উল্লেখ করেন তিনি।
বর্তমানে জাকির নায়েক দক্ষিণ আফ্রিকায় অবস্থান করছেন। সম্প্রতি তিনি জানান, এ বছর দেশে ফিরছেন না।
ঢাকার রেস্তোরাঁয় গত ১ জুলাইয়ের ভয়াবহ জঙ্গি হামলার পর প্রচারমাধ্যমে খবর প্রকাশিত হয় যে ওই হামলায় অংশ নেওয়া তরুণদের কেউ কেউ জাকির নায়েকের বক্তব্যে অনুপ্রাণিত হওয়ার কথা বলেছিল। এ রকম কয়েকটি অভিযোগের পরিপ্রেক্ষিতে ভারত সরকার তদন্ত শুরু করে।
এদিকে টাইমস অব ইন্ডিয়া বলেছে, জাকির নায়েকের এনজিও ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন এখন থেকে আর সরাসরি কোনো বিদেশি অনুদান নিতে পারবে না। দেশটির কেন্দ্রীয় ব্যাংককে (আরবিআই) এ ধরনের অনুদান প্রতিষ্ঠানটিকে হস্তান্তরের আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে। প্রাথমিক তদন্তে দেখা গেছে এনজিওটি বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন মানছে না।