ভারত সরকারের অনুমতি পেলে খোলাবাজারে টিকা বিক্রি করবে সেরাম
ভারতের কেন্দ্রীয় সরকার অনুমতি দিলে অক্সফোর্ডের টিকা খোলাবাজারে বিক্রি করবে সেরাম ইনস্টিটিউট। সে ক্ষেত্রে প্রতি ডোজ টিকার দাম পড়বে ১ হাজার রুপি। সেরাম ইনস্টিটিউটের প্রধান আদর পুনাওয়ালা এনডিটিভিকে এ কথা জানিয়েছেন।
আদর পুনাওয়ালা বলেন, তাঁরা ভারত সরকারকে বিশেষ দামে এই টিকা দিচ্ছেন। প্রথম ১০ কোটি ডোজ টিকার জন্য তাঁরা ভারত সরকারের কাছ থেকে ২০০ রুপি করে দাম নিচ্ছেন। পরে দরপত্রের মাধ্যমে টিকা সরবরাহ করা হবে। সে ক্ষেত্রে দাম ভিন্ন ধরনের হবে।
সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী বলেন, তাঁরা ভারত সরকারকে যে দামেই দেন না কেন, সরকার দেশটির জনগণকে বিনা মূল্যে এই টিকা দেবে। আর পরবর্তী সময় তাঁরা যখন খোলাবাজারে বাণিজ্যিকভাবে টিকা বিক্রি করবেন, তখন প্রতি ডোজের দাম পড়বে ১ হাজার রুপি।
করোনার দুটি টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে ভারত। সরকার নিয়োজিত বিশেষজ্ঞ প্যানেলের সুপারিশের পর দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থা (ডিসিজিআই) গতকাল রোববার দুটি টিকার জরুরি অনুমোদন দেয়। অনুমোদন পাওয়া টিকা দুটি হলো ভারত বায়োটেকের কোভ্যাক্সিন ও সেরাম ইনস্টিটিউটে প্রস্তুতকৃত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা।
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা সাধারণ রেফ্রিজারেটরে সংরক্ষণ করা যায়। এই টিকার দুটি করে ডোজ নিতে হয়। দুই ডোজের মধ্যে ব্যবধান চার সপ্তাহ।
খোলাবাজারে বিক্রির অনুমতি পেলে সেরাম ইনস্টিটিউটে প্রস্তুতকৃত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার দুই ডোজের মোট দাম পড়বে ২ হাজার রুপি।
আদর পুনাওয়ালার আশা, আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে সব ধরনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়ে যাবে। তারপর ভারতে এই টিকা দেওয়া শুরু হবে। আগামী এক থেকে দেড় মাসের মধ্যে ৭ থেকে ৮ কোটি ডোজ টিকা সরবরাহ করতে পারবেন বলে আশা সেরাম ইনস্টিটিউটের প্রধানের।
আদর পুনাওয়ালা বলেন, তাঁদের ভারত সরকারের নীতিমালা ও চিন্তাভাবনা অনুযায়ী চলতে হবে। ভারত সরকার বলেছে, সেরাম ইনস্টিটিউট টিকা রপ্তানি করতে পারবে না। খোলাবাজারেও ছাড়তে পারবে না। কারণ, ভারত সরকার এই টিকা সবচেয়ে ঝুঁকিতে থাকা লোকজনকে দিতে চায়। সরকারের এই সিদ্ধান্তের প্রতি তাঁরা শ্রদ্ধাশীল।