ভারতের পারমাণবিক চুল্লিগুলোর জন্য তিন হাজার মেট্রিক টন ইউরেনিয়াম সরবরাহ করবে কানাডা। ২৫ কোটি ৪০ লাখ ডলারের একটি চুক্তির আওতায় পাঁচ বছরে ওই ইউরেনিয়াম সরবরাহ করা হবে।
ভারতের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে উদ্বেগের কারণে এ খাতে কানাডার সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা দীর্ঘ চার দশক আগে থমকে গিয়েছিল। খবর এনডিটিভি ও পিটিআইয়ের।
ভারত ও কানাডার মধ্যে ২০১৩ সালে বেসামরিক পারমাণবিক চুক্তির পর দুই বছর ধরে দর-কষাকষির মাধ্যমে ইউরেনিয়াম সরবরাহের এ চুক্তি হলো। সফররত ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কানাডীয় প্রধানমন্ত্রী স্টিফেন হার্পারের আলোচনার পর চুক্তিটি স্বাক্ষরিত হয়।
একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা জানান, চুক্তিটির আওতায় বিশ্বের সবচেয়ে বড় ইউরেনিয়াম ব্যবসাপ্রতিষ্ঠান কানাডাভিত্তিক ক্যামেকো করপোরেশন ওই তিন হাজার মেট্রিক টন ইউরেনিয়াম ভারতকে দেবে। এ বছর থেকেই শুরু হয়ে ২০১৯ সালের মধ্যে ওই পরিমাণ ইউরেনিয়াম ভারতে সরবরাহ করা হবে।
এর মাধ্যমে ভারতকে ইউরেনিয়াম সরবরাহকারী তৃতীয় দেশ হতে চলেছে কানাডা। এর আগে রাশিয়া ও কাজাখস্তান ভারতকে ইউরেনিয়াম দিয়েছে। কানাডা থেকে ইউরেনিয়াম সরবরাহের কাজটি সম্পন্ন হবে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) তত্ত্বাবধানে।
পারমাণবিক বোমার অধিকারী ভারত প্রথম এ ধ্বংসাত্মক অস্ত্রের পরীক্ষা চালায় ১৯৭৪ সালে। এর জের ধরে ১৯৭০-এর দশকে ভারতে ইউরেনিয়াম রপ্তানি করা বন্ধ করে দিয়েছিল কানাডা। কানাডীয় প্রযুক্তি ব্যবহার করে পারমাণবিক বোমা বানানোর অভিযোগ তুলে ওই ব্যবস্থা নেওয়া হয়। তবে ২০১৩ সালে কানাডা-ভারত পারমাণবিক সহযোগিতা সমঝোতা কার্যকর হওয়ার পর ওই অবস্থান থেকে সরে আসে দেশ দুটি।
নতুন চুক্তিটি নিয়ে কানাডার রাজধানী অটোয়ায় এক যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ভারতীয় প্রধানমন্ত্রী মোদি ও কানাডীয় প্রধানমন্ত্রী স্টিফেন হার্পার। মোদি বলেন, ‘আমাদের বেসামরিক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলোর জন্য কানাডা থেকে ইউরেনিয়াম কেনার এই চুক্তি দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন যুগের সূচনা করেছে। এর মাধ্যমে পারস্পরিক আস্থা ও আত্মবিশ্বাস নতুন উচ্চতায় পৌঁছেছে।’ আর হার্পার বলেন, ‘দীর্ঘদিন ধরে অযথাই সম্পর্ক শীতল ছিল। তবে এখন সামনে এগিয়ে যাওয়ার সময়।’
‘কানাডাকে ভিসার সুবিধা দেওয়া হবে’: অনুষ্ঠানে মোদি ঘোষণা দেন, যেসব কানাডীয় ভারতে যাবেন, তাঁদের ১০ বছরের জন্য ভিসা দেওয়া হবে। ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা সম্ভবত সমস্যায় ভোগেন, কিন্তু বলেন না। আমরা সিদ্ধান্ত নিয়েছি,...আপনারা এখন থেকে ১০ বছরের জন্য ভিসা পাবেন।’