কংগ্রেস প্রতিবেদনে যুদ্ধঝুঁকির হুঁশিয়ারি
ভারতকে মোকাবিলায় পাকিস্তানের শতাধিক পারমাণবিক যুদ্ধাস্ত্র
দিল্লির যেকোনো সামরিক হুমকি মোকাবিলায় পাকিস্তান ১১০ থেকে ১৩০টি পারমাণবিক ওয়্যারহেড তৈরি রেখেছে। মার্কিন কংগ্রেসের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। প্রতিবেদনের ভাষায় ‘ফুল স্পেক্ট্রাম ডিটারেন্স’ নীতি অনুসরণ করে ইসলামাবাদ ভারতের বিরুদ্ধে যে ‘সর্বাত্মক সম্প্রসারণমূলক প্রতিরোধব্যবস্থা’ গড়ে তুলছে সেটি চিরবৈরী এই দুই দেশের মধ্যে পারমাণবিক সংঘাতের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। খবর পিটিআইয়ের।
কংগ্রেসের স্বতন্ত্র গবেষণা শাখা কংগ্রেসনাল রিসার্চ সার্ভিস (সিআরএস) এই প্রতিবেদনটি প্রকাশ করেছে। সিআরএস নিয়মিত বিশেষজ্ঞদের দিয়ে বিভিন্ন বিষয়ে এমন প্রতিবেদন তৈরি করে থাকে। এর লক্ষ্য কংগ্রেসের সদস্যদের এসব বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করা। তবে সিআরএস প্রতিবেদনকে কংগ্রেসের দাপ্তরিক দৃষ্টিভঙ্গি হিসেবে দেখা হয় না।
গবেষক পল কে কার এবং মেরি বেথ নিকিতিনের তৈরি করা সিআরএসের সর্বশেষ এই প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে পাকিস্তানের পরমাণু অস্ত্রভান্ডারে রয়েছে আনুমানিক ১১০-১৩০টি পারমাণবিক ওয়্যারহেড, সংখ্যাটা আরও বেশি হতে পারে। এতে বলা হয়, ইসলামাবাদ এখন পারমাণবিক বিস্ফোরণ সহায়ক ফিসাইল উপাদান তৈরি করছে, সেগুলো সংশ্লিষ্ট উৎপাদন কারখানাগুলোতে যোগ করছে এবং বাড়তি পারমাণবিক অস্ত্র ও নতুন সরবরাহ যান মোতায়েন করছে।
২৮ পৃষ্ঠার প্রতিবেদনে উল্লেখ করা হয়, ভারতের সম্ভাব্য যেকোনো সামরিক পদক্ষেপ নিবৃত্ত করাই পাকিস্তানের পারমাণবিক অস্ত্রগুলোর লক্ষ্য বলে বৃহত্তরভাবে বিবেচনা করা হয়ে থাকে। কিন্তু ইসলামাবাদ তার পারমাণবিক অস্ত্রভান্ডারের সম্প্রসারণ ঘটানোর পাশাপাশি নতুন ধরনের পারমাণবিক অস্ত্র তৈরি করেছে এবং ‘ফুল স্পেকট্রাম ডিটারেন্স’ নীতি গ্রহণ করেছে। ওদিকে ভারতও তার পারমাণবিক অস্ত্রভান্ডার সমৃদ্ধ করা অব্যাহত রেখেছে। এতে করে পর্যবেক্ষকেরা দেশ দুটির মধ্যে ক্রমবর্ধমান পারমাণবিক সংঘাতের বিষয়ে উদ্বিগ্ন।
পাকিস্তান ডিফেন্স ফোরামের ওয়েবসাইটের বর্ণনামতে, ‘ফুল স্পেকট্রাম ডিটারেন্স’ হচ্ছে পাকিস্তানের নতুন পারমাণবিক নীতি। এর আগে তাদের নীতি ছিল ‘মিনিমাম ক্রেডিবল ডিটারেন্স’। আগের নীতির মূল কথা ছিল, উসকানি দেওয়া না হলে পাকিস্তান তার পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না। গত বছরের ৯ সেপ্টেম্বর এই নীতির পরিবর্তন করে দেশটি ‘ফুল স্পেকট্রাম ডিটারেন্স’ নীতি গ্রহণ করে। এর আওতায় ভারতের সম্ভাব্য কোনো আগ্রাসনের জবাব দিতে ইসলামাবাদ যেকোনো মূল্যে নিজেকে সক্ষম করে তোলার সিদ্ধান্ত নেয়। এর আওতায় পরে দেশটি যুদ্ধক্ষেত্রে নিবিড়ভাবে ব্যবহারের জন্য ক্ষুদ্র ক্ষুদ্র ও কৌশলগত বিভিন্ন পারমাণবিক অস্ত্র তৈরি করে।
প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান তার পারমাণবিক অস্ত্রভান্ডারের বিষয়ে আন্তর্জাতিক আস্থা বৃদ্ধি করতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। তবে পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের নিরাপত্তা নিয়ে এখনো কিছু উদ্বেগ রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।