ভারতকে 'কমিউনিস্টমুক্ত' করতে চায় বিজেপি
গোটা ভারতকে ‘কমিউনিস্টমুক্ত’ করতে চায় বিজেপি। এ মুহূর্তে শুধু দক্ষিণ ভারতের কেরালা এবং উত্তর-পূর্ব ভারতের ত্রিপুরাতেই রয়েছে কমিউনিস্ট শাসন। ওডিশা রাজ্যের ভূবনেশ্বরে সদ্য সমাপ্ত বিজেপির কর্মসমিতির বৈঠকে ওই দুই রাজ্য থেকে ‘রাজনৈতিক লড়াইয়ের’ মাধ্যমে ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিকে (সিপিএম) উৎখাত করার ডাক দেওয়া হয়েছে।
কেরালায় ভোট হতে দেরি আছে। তবে ত্রিপুরায় সামনেই বিধানসভা ভোট।
বিজেপির ত্রিপুরা রাজ্য সভাপতি বিপ্লব দেব গতকাল বৃহস্পতিবার আগরতলায় দলের রাজ্য সদর দপ্তরে বসে প্রথম আলোর কাছে দাবি করেন, ২০১৮-এর ত্রিপুরা বিধানসভা নির্বাচনে বিজেপির জয় নিশ্চিত। তাদের এই নিশ্চিত জয়কে আরও ‘পোক্ত করতে’ বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ থেকে শুরু করে দলের শীর্ষ নেতারা এখন থেকেই ঘন ঘন ত্রিপুরায় আসবেন বলেও জানান তিনি।
অমিত শাহ দুই দিনের সফরে ত্রিপুরায় আসছেন ৬ মে। ইতিমধ্যে বিজেপির সাংসদ তথা চলচ্চিত্র অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায় ত্রিপুরায় দলের হয়ে প্রচার শুরু করে দিয়েছেন। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে ত্রিপুরায় বিধানসভার ভোট। বর্তমানে রাজ্য বিধানসভার ৬০টি আসনের মধ্যে ৫১টিই বামদের দখলে। কিন্তু ‘মোদি হাওয়ায়’ ত্রিপুরাতেও দিনে দিনে ‘ভালো শক্তি’তে পরিণত হয়েছে বিজেপি। বহু কংগ্রেস ও তৃণমূল নেতা ইতিমধ্যে যোগ দিয়েছেন বিজেপিতে। অনেকে পা বাড়িয়ে রয়েছেন। প্রবল আত্মবিশ্বাসী বিজেপি রাজ্য সভাপতি বলেন, ‘বিজেপির উত্থানে এখনই হেরে বসে রয়েছে সিপিএম।’
তবে বিজেপির এই দাবিকে আমল দিতে নারাজ অন্য দলগুলো।