প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে সম্ভাব্য সন্ত্রাসী হামলা রুখতে ভারতের বিভিন্ন রাজ্যে ধরপাকড় শুরু হয়েছে। গতকাল শুক্রবার দিনভর চার রাজ্যে মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আগের দিনও চারজনকে ধরা হয়। এদের সবাই জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সম্পর্কযুক্ত বলে পুলিশের সন্দেহ।
উত্তরাখন্ড থেকে বৃহস্পতিবার ধরা হয়েছিল চার যুবককে। গতকাল কর্ণাটক থেকে ধরা হয় ছয়জনকে, অন্ধ্র প্রদেশ থেকে চারজন এবং মহারাষ্ট্রের মুম্বাই ও উত্তর প্রদেশ থেকে আরও চারজনকে।
জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) পক্ষ থেকে বলা হয়, ধৃতদের সঙ্গে আইএসের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। গত কয়েক মাস ধরে এরা সবাই এনআইএর নজরদারিতে ছিলেন। ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে দেশজুড়ে বড়সড় হামলা চালানোর পরিকল্পনার সন্দেহে তাঁদের আটক করা হয়েছে।
এর পাশাপাশি উত্তর ভারতের সব রাজ্যকে চরম সতর্ক থাকার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই সতর্কতার একটি কারণ এবার প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের উপস্থিতি। প্যারিসে গত নভেম্বরের সন্ত্রাসী আক্রমণের ধাঁচে আইএস ভারতেও হামলা চালানোর ছক কেটেছে বলে গোয়েন্দা সূত্রের খবর। বেঙ্গালুরুতে ফ্রান্সের কনস্যুলেট গত বৃহস্পতিবার হামলার হুঁশিয়ারি দিয়ে লেখা একটি চিঠি পায়।
সতর্কতার অন্য কারণ দুটি গাড়ি চুরি হওয়া। একটি গাড়ি আধা সামরিক বাহিনী আইটিবিপির এক ইন্সপেক্টর জেনারেল পদমর্যাদার কর্মকর্তার। দ্বিতীয় গাড়িটি একটি ট্যাক্সি। পাঞ্জাবের পাঠানকোট থেকে তিন ব্যক্তি ট্যাক্সিটি ভাড়া করে। গত বুধবার সেই ট্যাক্সিচালক বিজয় কুমারের মৃতদেহ উদ্ধার হয় পাঞ্জাবেরই কাঙ্গারা জেলা থেকে। ট্যাক্সিটির কোনো খোঁজ পাওয়া যায়নি। পুলিশ ও গোয়েন্দারা এই গাড়ি চুরির ঘটনাকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। কারণ পাঠানকোট বিমানঘাঁটিতে হামলা চালানোর আগে জঙ্গিরা পাঞ্জাবের এক পুলিশ সুপারের সরকারি গাড়ি এবং একটি ট্যাক্সি ছিনতাই করেছিল।
রাজধানী দিল্লির পুলিশ সন্দেহজনক কিছু দেখলেই জানাতে বলেছে নগরবাসীকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এক বৈঠকে বলেছেন, এবার আইএসএ-ই সরকারের কাছে বড় চ্যালেঞ্জ।
প্রজাতন্ত্র দিবসের দিন রাজপথে ভারতীয় সেনাদের পাশাপাশি ফ্রান্সের সেনারাও কুচকাওয়াজ করবেন। এর আগে কখনো বিদেশি সেনারা এই বিশেষ দিনে রাজপথে কুচকাওয়াজ করেনি।