ভারতজুড়ে ঈদ উৎসব

ভারতজুড়ে আজ শুক্রবার পালিত হচ্ছে মুসলিম সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। সকাল থেকে ভারতের বিভিন্ন রাজ্যের মুসলমানেরা ঈদের নামাজ পড়েন বিভিন্ন মসজিদ ও ঈদগাহ ময়দানে।
নামাজ শেষে মুসল্লিরা দেশের অগ্রগতি কামনার পাশাপাশি সৌদি আরবের মিনায় পবিত্র হজ পালন করতে গিয়ে পদপিষ্ট হয়ে নিহত শত শত হাজির আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।
আজ সাড়ম্বরে পবিত্র ঈদুল আজহা পালিত হচ্ছে গোটা পশ্চিমবঙ্গে। সকালে কলকাতায় প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয় রেড রোডে। এখানে লাখো মুসলমান নামাজ আদায় করেন। এ ছাড়া কলকাতার বেশ কয়েকটি বড় জামাত অনুষ্ঠিত হয় পার্ক সার্কাস ময়দান, নাখোদা মসজিদ, টিপু সুলতান মসজিদ, খিদিরপুর, মল্লিক বাজার, রাজাবাজার, বেলগাছিয়া, আনোয়ার শাহ রোড, এন্টালিসহ শহরের বিভিন্ন মসজিদ ও ঈদগাহ ময়দানে।
ঈদ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তাঁরা তাঁদের বার্তায় দেশ ও জাতির মঙ্গল কামনা করেছেন।