ভারতজুড়ে দাবদাহে ৩৩৫ জনের মৃত্যু
সারা ভারতে চলছে প্রখর রৌদ্রতাপ ও লু হাওয়ার দৌরাত্ম্য। গত শনিবার পর্যন্ত তিন দিনে প্রচণ্ড গরমে দেশটির বিভিন্ন স্থানে অন্তত ৩৩৫ জনের মৃত্যু হয়েছে। টাইমস অব ইন্ডিয়া গতকাল রোববার এ খবর জানিয়েছে।
এবারের দাবদাহ ভারতের প্রায় সব শহরেই টের পাওয়া যাচ্ছে। এমনকি উত্তরাখন্ড রাজ্যের মুসৌরির মতো পাহাড়ি শহরেও তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে মুসৌরি সাড়ে ছয় হাজার ফুট উঁচুতে অবস্থিত। দক্ষিণাঞ্চলীয় দুই রাজ্য অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানায় গরমের প্রভাবে শনিবার ১৩৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। অন্ধ্র প্রদেশে ৭৫ এবং তেলেঙ্গানায় ৬০ জন মারা যান। তাঁদের অধিকাংশই শ্রমিক। দুটি রাজ্যের তাপমাত্রা স্বাভাবিক অবস্থার চেয়ে পাঁচ থেকে সাত ডিগ্রি বেশি রয়েছে। তেলেঙ্গানার খাম্মাম শহরে তাপমাত্রা ৪৮ ডিগ্রিতে পৌঁছায়, যা ১৯৪৭ সালের পর রাজ্যে সর্বোচ্চ।
আবহাওয়া বিভাগ জানায়, আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে। ভারতের মধ্য, উত্তর-পশ্চিম, পূর্বের কয়েকটি অংশ এবং উপদ্বীপ অঞ্চলের তাপমাত্রা কয়েক দিন ধরে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। মধ্যপ্রদেশ, অন্ধ্র প্রদেশ, তেলেঙ্গানা, বিহার ও ঝাড়খন্ডে চলমান তাপপ্রবাহ আরও দু-এক দিন অব্যাহত থাকবে।
উত্তর প্রদেশের সর্বোচ্চ তাপমাত্রা এলাহাবাদে, যা ৪৭ ডিগ্রি ছুঁয়েছে। রাজ্যের আবহাওয়া বিভাগ বলেছে, তাপমাত্রার পাশাপাশি আর্দ্রতা বৃদ্ধির ফলে গুমোট অবস্থা চলতে থাকবে বলে ধারণা করা হচ্ছে।
মরুময় রাজস্থান রাজ্যের অধিকাংশ স্থানে ৪৫ ডিগ্রি তাপমাত্রা বহাল রয়েছে। জয়পুরের আশপাশে অনেক জায়গায় পানিসংকট দেখা দিয়েছে। পূর্বের ওডিশায় ক্রমাগত বিদ্যুৎবিভ্রাট চলছে।