
ভারতের হিন্দুত্ববাদের কট্টর সমালোচক জ্যেষ্ঠ নারী সাংবাদিক গৌরী লংকেশ (৫৫) খুনের ঘটনায় গতকাল বুধবার দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ হয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার উদ্বিগ্ন মানুষ ও বিভিন্ন পত্রিকার সাংবাদিকেরা গৌরী লংকেশ হত্যার ঘটনাকে ভিন্নমতাবলম্বীদের প্রতি চূড়ান্ত অসহিষ্ণুতারই বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেছেন।
কর্ণাটক রাজ্যের মুখ্যমন্ত্রী সিদারামাইয়া এই হত্যাকাণ্ডকে ‘গণতন্ত্র হত্যা’ বলে উল্লেখ করেছেন। ইন্ডিয়ান উইমেন্স প্রেস কর্পস (আইডব্লিউপিসি) গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছে, একজন সাংবাদিককে ‘থামিয়ে দেওয়া’ ভারতের গণতন্ত্রের জন্য ভয়ানক বার্তা বহন করে। রাজ্যের রাজধানী বেঙ্গালুরুর রাজারাজেশ্বরী নগরে গত মঙ্গলবার রাত আটটার দিকে সাংবাদিক গৌরী লংকেশকে তাঁর নিজ বাড়ির বাইরে খুব কাছ থেকে গুলি করে হত্যা করে দুষ্কৃতকারীরা। বাইকে চড়ে হানা দেওয়া তিন আততায়ী মোট সাতটি গুলি ছোড়ে ওই সাংবাদিককে লক্ষ্য করে। বাড়ির ছাদে যাওয়ার সিঁড়ি থেকে পুলিশ রাতেই তাঁর মরদেহ উদ্ধার করে। ভবনের সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ একজনকে শনাক্ত করেছে। পুলিশের সূত্র জানিয়েছে, সন্দেহভাজন ওই ব্যক্তি হেলমেট পরিহিত ছিলেন। সূত্র আরও জানায়, ঘটনার তদন্তে তিনটি দল কাজ করছে।
রাজ্যের বিভিন্ন শহর থেকে গতকাল সাংবাদিকেরা প্রতিবাদ শোভাযাত্রা নিয়ে বেঙ্গালুরুর প্রাণকেন্দ্রে এক সমাবেশে মিলিত হন। তাঁরা গৌরী লংকেশের মতো একজন প্রথিতযশা সাংবাদিক হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, প্রচলিত ধ্যান-ধারণার বিরোধিতা করা এবং হিন্দুত্ববাদের সমালোচনা করার খেসারত দিতে হয়েছে গৌরীকে। বিটি ভেঙ্কটেশ নামের এক আইনজীবী বলেন, এর মানে হলো ভিন্নমতাবলম্বীদের সহ্য করা হবে না। একটি পত্রিকার সম্পাদক নলিনী সিং বলেন, গৌরীর হত্যাকাণ্ড সাংবাদিক সম্প্রদায়ের হৃদয়ে ক্ষত সৃষ্টি করেছে।
গৌরী লংকেশ বাম ঘরানার লংকেশ পত্রিকার সম্পাদক ছিলেন। তাঁর বাবা ৪০ বছর আগে সাপ্তাহিক এই ট্যাবলয়েট পত্রিকা চালু করেন। এই পত্রিকায় প্রায়ই তিনি নকশালপন্থীদের পুনর্বাসনের পক্ষে এবং বিভেদ সৃষ্টিকারী রাজনীতির বিরুদ্ধে লিখতেন। দক্ষিণপন্থী রাজনীতির বিরোধিতায় বারবার সরব হয়েছেন বলেই তাঁকে খুন করা হলো বলে গোটা ভারতের সাংবাদিক মহল মনে করছে।
সাংবাদিক গৌরী খুনের ঘটনায় গতকাল গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইন্ডিয়ান উইমেন্স প্রেস কর্পস।
কলকাতা প্রতিনিধি জানান, গতকাল বিকেলে কলকাতার একাডেমি অব ফাইন আর্টস চত্বরের ছাতিমতলায় মানবাধিকার সংগঠন গণতান্ত্রিক অধিকার রক্ষা কমিটির উদ্যোগে এক প্রতিবাদ সভা হয়। এ ছাড়া গতকাল সন্ধ্যায় কলকাতা প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব চত্বরে মোমবাতি মিছিল হয়। প্রেসক্লাবে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গভীর শোক প্রকাশ করেন এবং মোমবাতি মিছিলে অংশ নেন।