ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধে তিন সেনাসদস্য নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ভারতীয় সেনাবাহিনীর একটি তল্লাশিচৌকিতে বিচ্ছিন্নতাবাদীরা হামলা চালালে বন্দুকযুদ্ধ শুরু হয়। এতে এক বিচ্ছিন্নতাবাদীও নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ সেনাসদস্য।
এর আগে গত শনিবারই শ্রীনগর থেকে ৬০ কিলোমিটার দূরে সেনা ও বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে বন্দুকযুদ্ধে কমপক্ষে সাতজন নিহত হন। সে ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে দুজন সেনাসদস্য ও চারজন বিচ্ছিন্নতাবাদী ছিলেন।
গতকালের হামলা প্রসঙ্গে সেনা মুখপাত্র রাজেশ কালিয়া বলেন, বান্দিপোরা জেলার হাজিন এলাকায় বিচ্ছিন্নতাবাদীদের ধরতে অভিযানে যান কিছুসংখ্যক সেনাসদস্য। তাঁরা এলাকাটি ঘিরে ফেলেন। তখন অতর্কিতে হামলা চালায় বিচ্ছিন্নতাবাদীরা। এ সময় সেনাসদস্যরা পাল্টা গুলি চালান। গোলাগুলিতে বেশ কয়েকজন বেসামরিক লোকও আহত হয়েছে।
এক পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, গতকাল ভোরে আবাসিক এলাকায় অভিযানে গিয়ে বাসিন্দাদের সরিয়ে নিচ্ছিলেন সেনাসদস্যরা। তখনই হামলার ঘটনা ঘটে। একজন জঙ্গি নিহত হয়েছেন। আরও কয়েকজন পালিয়ে গেছেন বলে সন্দেহ করা হচ্ছে।
গত বছরের জুলাইয়ে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী সংগঠন হিজবুল মুজাহিদীনের নেতা বুরহান ওয়ানি ভারতীয় সেনাদের গুলিতে নিহত হওয়ার পর উপত্যকাজুড়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় অধিবাসীদের প্রতিবাদ-বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে শ খানেক বেসামরিক লোক নিহত হয়। এরপর উরির এক সেনাছাউনিতে সন্ত্রাসী হামলায় ১৭ ভারতীয় সেনাসদস্য নিহত হন। প্রতিক্রিয়ায় পাকিস্তানি কাশ্মীরের ভেতরে ঢুকে সন্ত্রাসী ঘাঁটিতে হামলার দাবি করে ভারতীয় সেনাবাহিনী।
ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে ১৯৮৯ সাল থেকে শুরু হওয়া সশস্ত্র আন্দোলনে এখন পর্যন্ত হাজার হাজার লোক নিহত হয়েছে। তাদের মধ্যে অধিকাংশই বেসামরিক মানুষ।