
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এবার এই বাংলায় শূন্য আসন পাবে বিজেপি। পশ্চিমবঙ্গ থেকে বিজেপিকে হটানোর লক্ষ্যে মোদির সরকারকে বদলে দেওয়ার ডাক দিয়ে মমতা বলেছেন, বিজেপি ক্ষমতায় এলে দেশে গণতন্ত্র থাকবে না। দেশের স্বাধীনতা থাকবে না।
পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারের এক জনসভায় আজ শনিবার এই আহ্বান জানান মমতা।
ভারতের লোকসভা নির্বাচন শুরু হচ্ছে ১১ এপ্রিল থেকে। ওই প্রথম দিনই পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে দুটি আসনে নির্বাচন হবে। আসন দুটি হলো আলিপুরদুয়ার ও কোচবিহার। সেই আলিপুরদুয়ারেই আজ সভা করলেন তৃণমূল নেত্রী।
মমতা বলেন, ‘এই আসনে বিজেপি জন বারলাকে প্রার্থী করে অশান্তি ছড়াতে চাইছে। জন বারলা একজন দাঙ্গাবাজ। আপনারা বিজেপির কথায় ভুলবেন না। ওরা মিথ্যে কথা বলে। নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েও কাজ করে না। এই মোদির সরকার এক ফ্যাসিস্ট সরকার। যেন হিটলারের ঠাকুরদাদা। এই সরকার দাঙ্গাবাজদের সরকার। এরা আমাদের রাজ্য থেকে আদিবাসী, বাঙালি এবং মুসলিম তাড়াতে চায়। এদের কথায় ভুলবেন না।’
মমতা আরও বলেন, বিজেপি এবার টাকা দিয়ে ভোট কিনতে নেমেছে। গরিবেরা ওদের টাকা খাবেন আর ভোট দেবেন তৃণমূলে। মমতা এদিন আরও বলেছেন, ‘এই বাংলায় কোনো দিন এনআরসি বা জাতীয় নাগরিক নিবন্ধন চালু হবে না। আমরা চালু করতে দেব না। এই এনআরসির কোপে পড়ে আসামে ৪০ লাখ বাঙালি ভোটাধিকার হারিয়েছে।’
মমতা বলেন, ‘মানুষ বলছে, চৌকিদার (মোদি) ঝুটা হ্যায়, চোর হ্যায়। চৌকিদার গত পাঁচ বছরে দেশের টাকা লুট করেছে। ওদের থেকে সাবধান। এই চৌকিদার আজ চা বানাতে ভুলে গেছেন। এখন টাকা লুটছেন। তাই একটিও ভোট নয় এই চৌকিদারকে। কারণ, এই চৌকিদারেরা দাঙ্গা করে, খুন করে, অশান্তি ছড়ায়। ওদের সম্পর্কে সাবধান। ওরা গত নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন বন্ধ চা–বাগান খোলার। সেই প্রতিশ্রুতি রাখেননি। আমরা এখনো চা–শ্রমিকদের পাশে রয়েছি। তাই বলছি, এদের চিনে রাখুন। তাই ওদের এবার একটি ভোটও নয়।’
মমতা বলেন, ‘ভোট দেবেন না কংগ্রেস এবং সিপিএমকেও। ভোট দেবেন এবার শুধু তৃণমূলকে; জোড়া ফুলকে। তাই আমাদের স্বাধীনতা ও গণতন্ত্র বাঁচাতে জোরে আওয়াজ তুলতে হবে, এবার বদলে দিন ভারতবর্ষকে। আসতে দিন নতুন দিন।’
আলিপুরদুয়ারে তৃণমূলের এই জনসভা শেষে আজ বিকেলে মমতার এই জেলার কালকিনিতে আরেকটি জনসভায় যোগ দেন।