ভারতবিরোধী স্লোগান থাকলেও 'পাকিস্তান জিন্দাবাদ' বলা হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) ৯ ফেব্রুয়ারি আয়োজিত ছাত্র বিক্ষোভ কর্মসূচিতে ‘ভারতবিরোধী’ স্লোগান দেওয়া হয়। তবে সেখানে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়া হয়নি। ওই কর্মসূচি নিয়ে দিল্লি পুলিশের প্রধানকে গতকাল মঙ্গলবার জমা দেওয়া পুলিশ প্রতিবেদনে এ কথা উল্লেখ করা হয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।
জেএনইউয়ের ওই বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজন ছাত্রের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে। ভারতের সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল জি নিউজের ভিডিও ফুটেজের বরাত দিয়ে বলা হয়, অন্যান্য স্লোগানের মধ্যে ওই বিক্ষোভে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান শোনা যায়।
তবে দিল্লির পুলিশপ্রধান বিএস বাসিকে যে প্রতিবেদন দেওয়া হয়েছে, এর সঙ্গে টেলিভিশন চ্যানেলের দেখানো ফুটেজের মিল নেই। আইন বিশেষজ্ঞরা বলছেন, যদি এটি প্রমাণিত হয় যে টিভি ফুটেজে উদ্দেশ্যমূলকভাবে ওই স্লোগান জুড়ে দেওয়া হয়েছে, তবে ছাত্রদের বিরুদ্ধে এ মামলা টিকবে না।
৯ ফেব্রুয়ারির বিক্ষোভে ২৮ ধরনের স্লোগান দেওয়া হয় বলে পুলিশের প্রতিবেদনে উল্লেখ করা হয়। এগুলোর মধ্যে আছে ‘আফজাল গুরু, মকবুল ভাট জিন্দাবাদ’ (দুজনেই ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা। এর মধ্যে আফজাল গুরুর ফাঁসি হয়েছে)। ‘কাশ্মীর কি আজাদি তক জঙ্গ রহেগি’ (কাশ্মীরের স্বাধীনতা অর্জন না হওয়া পর্যন্ত লড়াই চলবে), ‘কিতনে আফজাল মরেগি, হার ঘরসে আফজাল মিলিগে’ (কত আফজাল মরবে, প্রতি ঘরে আফজাল আছে) ইত্যাদি স্লোগান।
পুলিশও এর আগে জেএনইউয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে করা এফআইআরে অভিযোগ করেছিল, ওই বিক্ষোভে জেএনইউয়ের ছাত্র সংসদের নেতা কানহাইয়া কুমারসহ অন্যরা ‘পাকিস্তান জিন্দাবাদসহ’ ভারতবিরোধী স্লোগান দেন। ঘটনার পরদিন সংবাদভিত্তিক চ্যানেল জি নিউজের ফুটেজ দেখে পুলিশ এ অভিযোগ আনে বলে এফআইআরে উল্লেখ করা হয়। রাষ্ট্রদ্রোহের অভিযোগে কানহাইয়া এখন কারাবন্দী। একই অভিযোগে আরও পাঁচ শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হতে পারে বলে জানা গেছে।
এদিকে জি নিউজ থেকে পদত্যাগ করা এক সাংবাদিক বলেছেন, ওই ফুটেজ প্রথম দেখার পর আদৌ সেখানে ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলা হয়েছে কি না, তা নিয়ে প্রতিষ্ঠানটির বার্তা বিভাগ দুটি ভাগে ভাগ হয়ে যায়। ওই সাংবাদিক অভিযোগ করেছেন, টেলিভিশন কর্তৃপক্ষ বারবার ছাত্রদের অভিযুক্ত করে সংবাদ পরিবেশন করেছে। বাস্তবে এমন স্লোগান শোনা যায়নি।
ফুটেজ সম্পাদনা করে তা বিকৃত করা হয়েছে কি না, তা নিশ্চিত হতে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এ ছাড়া পুলিশ ক্যামেরার আসল মেমোরি কার্ড চেয়েছে।
গতকাল দিল্লি হাইকোর্ট কানহাইয়ার বিরুদ্ধে আনা রাষ্ট্রদ্রোহ মামলার তদন্তের অগ্রগতি জানাতে পুলিশকে প্রতিবেদন দিতে বলেছেন। আদালত আজ বুধবার সকালে এই প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন। আদালত বলেন, পুলিশের প্রতিবেদন পাওয়ার পরই তারা কানহাইয়ার জামিনের আবেদনের শুনানি গ্রহণ করবেন।