ভারতবিরোধী স্লোগান নিয়ে বিবাদে বিজেপি-কংগ্রেস

নিজ মাটিতে ভারতবিরোধী স্লোগান নিয়ে উত্তপ্ত হয়ে উঠছে দেশটির রাজনৈতিক অঙ্গন। স্লোগানের জেরে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) ছাত্র সংসদের সভাপতিকে গ্রেপ্তারের ঘটনায় ক্ষুব্ধ এখানকার শিক্ষার্থীদের প্রতিবাদ ও মিছিলে উত্তাল ক্যাম্পাসও।
স্লোগানের পেছনে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবার যোগসাজশ খুঁজে পেয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা রাজনাথ সিং। তবে বিরোধী কংগ্রেস ও অন্য বাম দলের নেতারা বলছেন, বিজেপি নেতাদের স্বভাবই হলো তাঁরা সংযম ধরে রাখতে পারেন না। মুখে উদারতা ও সহিষ্ণুতার কথা বলে বেড়ালেও বিভিন্ন সময় তাঁদের অসহিষ্ণু চেহারাই বেরিয়ে পড়ে।
২০০১ সালে ভারতের পার্লামেন্টে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফাঁসি হয় ভারতশাসিত কাশ্মীরের বাসিন্দা আফজাল গুরুর। হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করলেও তিনি কাশ্মীরি স্বাধীনতাকামীদের আন্দোলনে সম্পৃক্ততার কথা স্বীকার করেন। আফজাল গুরুর এই ফাঁসি ও অন্যান্য মানবাধিকার ইস্যুতে ৯ ফেব্রুয়ারি ওই বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠান আয়োজন করেন কিছু শিক্ষার্থী। এতে বাধা দেয় ভারতের সংঘ-পরিবারের ছাত্রসংগঠন এবিভিপি। বিবাদ চলার মধ্যে কয়েকজন শিক্ষার্থী ভারতবিরোধী স্লোগান দেন।
এই বিষয়কে ক্যাম্পাসের বাইরে টেনে নিয়ে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ ও মানবসম্পদ উন্নয়নমন্ত্রী স্মৃতি ইরানি। তাঁরা বলেছেন, এ রকম রাষ্ট্রদ্রোহী তৎপরতা মানা হবে না। পরে গত শুক্রবার ক্যাম্পাসে পুলিশ অভিযান চালিয়ে ছাত্র সংসদের সভাপতি ও কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার (সিপিআই) ছাত্রসংগঠনের নেতা কানহাইয়া কুমারকে গ্রেপ্তার করে। ওই দিন রাতেই অন্য বাম ছাত্রনেতাদের খোঁজে তল্লাশি চালানো হয় বিভিন্ন হোস্টেলে। এরপর আরও সাত ছাত্রকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। কানহাইয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাও করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ে ভারতবিরোধী ওই স্লোগানের ঘটনা নিয়ে বিতর্ক চলার মধ্যে গতকাল রোববার রাজনাথ সিং দাবি করেন, আফজাল গুরুর স্মরণে আয়োজিত ওই অনুষ্ঠানে ভারতবিরোধী স্লোগান দেওয়ার ঘটনায় সরাসরি মদদ রয়েছে পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবার (এলইটি)।
রাজনাথ বলেন, ‘ভারতবাসীকে এই বাস্তবতা মেনে নিতে হবে, বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে, তাতে এলইটি প্রধান হাফিজ সাঈদের সমর্থন রয়েছে। এটা দুর্ভাগ্যজনক। সরকার ভারতবিরোধী এ রকম কাজকর্ম সহ্য করবে না।’ বিরোধী দলের বিরুদ্ধে ইস্যুটি নিয়ে রাজনীতির অভিযোগ তুলে তিনি বলেন, এ ইস্যুকে ঘিরে রাজনৈতিক সুবিধা নেওয়া থেকে তাদের বিরত থাকা উচিত। বিশ্ববিদ্যালয়টিতে জাতীয় স্বার্থবিরোধী তৎপরতায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলেও মন্তব্য করেন রাজনাথ।
এদিকে কানহাইয়ার মুক্তি চেয়ে ক্যাম্পাসে শুরু হওয়া ‘জেএনইউ রক্ষা কর’ আন্দোলনের প্রতি গত শনিবার সংহতি প্রকাশ করেন কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী। ছাত্র সংসদ ও শিক্ষক ফোরামের উদ্যোগে শুরু হয় এ আন্দোলন। এদিন ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের প্রতিবাদ সভায় রাহুল গান্ধী, সীতারাম ইয়েচুরিসহ অনেকেই যোগ দিয়ে নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে অসহিষ্ণুতা ও ভিন্নমতের কণ্ঠরোধ করার অভিযোগ তোলেন।
ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়টিকে ‘জাতীয়-বিরোধী’ হিসেবে আখ্যায়িত না করার জন্য ভারতবাসীর প্রতি এক বিবৃতিতে অনুরোধ জানিয়েছেন শিক্ষকেরা। আর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভারতবিরোধী স্লোগান কারা দিয়েছিলেন, বামপন্থী নাকি এবিভিপির ছাত্ররা, তা নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। সূত্র: টাইমস অব ইন্ডিয়াসহ বিভিন্ন সংবাদমাধ্যম।