ভারতরত্নে সম্মানিত বাজপেয়ি
সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির বাড়িতে গিয়ে তাঁকে ভারতরত্ন খেতাব তুলে দিলেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। গতকাল শুক্রবারের এ অনুষ্ঠানের সময় তাঁর পাশে ছিলেন উপরাষ্ট্রপতি হামিদ আনসারি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ শীর্ষ রাজনীতিক, মন্ত্রী ও কর্মকর্তারা। খবর টাইমস অব ইন্ডিয়ার।
বাজপেয়ি কিছু দিন ধরে অসুস্থ। এ কারণেই তাঁর নয়াদিল্লির বাড়িতে গিয়ে তুলে দেওয়া হয় ভারতের এ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা।
বিজেপির নেতা বাজপেয়ি ছিলেন পূর্ণ পাঁচ বছর মেয়াদ পার করা প্রথম অ-কংগ্রেসি প্রধানমন্ত্রী। ১৯৯৯ থেকে ২০০৪ পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন তিনি।
বাজপেয়ি ভারতরত্ন পাওয়ায় অনেকেই সন্তুষ্টি প্রকাশ করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং প্রতিক্রিয়া জানিয়ে বলেন, বাজপেয়ি শুধু একজন ভারতীয় রাষ্ট্রনায়ক নন, তিনি আন্তর্জাতিক ক্ষেত্রেও সুপরিচিত একজন ব্যক্তিত্ব। তিনি সবার শ্রদ্ধা ও ভালোবাসার মানুষ।