ভারতীয় জেলেরা সীমান্ত লঙ্ঘন করলেই গুলি
ভারতীয় মৎস্যজীবীরা জলসীমা লঙ্ঘন করলেই গুলি করা হবে বলে জানিয়েছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে।
আজ শনিবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, একটি তামিল নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী। গতকাল শুক্রবার রাতে থানথি টিভিতে সাক্ষাৎকারটি প্রচারিত হয়।
রনিল বিক্রমাসিংহে বলেন, ‘যদি কেউ আমার ঘরে প্রবেশ করার চেষ্টা করে, আমি তাঁকে গুলি করতে পারি। এতে সে মারা গেলে আইন তা অনুমোদন করে।’
সমুদ্রে মাছ আহরণ নিয়ে বিরোধ নিরসনে উভয় দেশের মৎস্যজীবীদের আলোচনা ও পরবর্তী সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শ্রীলঙ্কা সফরের আগে রনিল বিক্রমাসিংহের কাছ থেকে এমন কড়া হুঁশিয়ারি এল।
জলসীমায় মাছ আহরণ সম্পর্কে বলতে গিয়ে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী বলেন, ‘এটা আমাদের জল। এখানে জাফনার মৎস্যজীবীদের মাছ ধরতে দেওয়া উচিত। কিন্তু আমরা তাঁদের মাছ ধরা থেকে বিরত রাখছি। এই সুযোগে ভারতীরা এখানে মাছ ধরতে আসে। জাফনার মৎস্যজীবীরা একটি সমঝোতা চান। একটা যৌক্তিক সমঝোতা দরকার। কিন্তু তা উত্তরাঞ্চলের মৎস্যজীবীদের জীবিকা বিসর্জন দিয়ে নয়।’
জলসীমা লঙ্ঘনকারী মৎস্যজীবীদের গুলি করলে মানবাধিকার লঙ্ঘন হবে না বলেও মনে করেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের জলে তোমরা আসছ কেন? আমাদের পানিতে কেন মাছ ধরছ? ভারতীয় অংশে থাকো। কোনো আপত্তি নেই।’
ভারত-শ্রীলঙ্কা সম্পর্কের মধ্যে চীন প্রসঙ্গ নিয়েও কথা বলেন রনিল বিক্রমাসিংহে। তিনি বলেন, আমরা চীন-শ্রীলঙ্কা সম্পর্ক থেকে ভারত-শ্রীলঙ্কা সম্পর্ককে আলাদা রাখি। উভয়ই আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’