ভারতীয় নৌবাহিনীর বিমান বিধ্বস্ত, দুজন নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় নৌবাহিনীর একটি নজরদারি উড়োজাহাজ গোয়ার উপকূলের অদূরে বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার পর এর দুই ক্রু সদস্য নিখোঁজ রয়েছেন। খবর বিবিসি ও টাইমস অব ইন্ডিয়ার।
নিয়মিত প্রশিক্ষণ উড্ডয়নের অংশ হিসেবে আকাশে থাকার সময় বিমানটি মঙ্গলবার রাতে আরব সাগরে বিধ্বস্ত হয়েছে। তবে দুর্ঘটনার কারণ গতকাল বুধবার পর্যন্ত জানা সম্ভব হয়নি। রাত সাড়ে ১০টায় বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানা গেছে।
বিমানটির চালক নিখিল যোশীকে দুর্ঘটনার পর উদ্ধার করা গেলেও বাকি দুজন নিখোঁজ ছিলেন। নিখোঁজ দুজনের মধ্যে একজন নারী। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর নৌবাহিনীর ছয়টি জাহাজ যৌথ অনুসন্ধান শুরু করে। নৌবাহিনীর সূত্র বলছে, বিমানটির কিছু অংশ পাওয়া গেছে।
২০১৪ সালের নভেম্বরে বিশাখাপট্টনাম উপকূলে মহড়ার সময় ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজ ডুবে গেলে একজন ক্রু সদস্য মারা যান ও চারজন নিখোঁজ হন।
ওই বছরের মার্চে মুম্বাই ডকইয়ার্ডে একটি নির্মাণাধীন জাহাজে দুর্ঘটনায় নৌবাহিনীর এক কর্মকর্তা মারা যান। সেই ঘটনার এক মাস আগে মুম্বাইয়েই পরমাণু শক্তিচালিত ডুবোজাহাজে আগুন লাগার ঘটনায় দুই নাবিকের মৃত্যু হয়। এর জের ধরে নৌবাহিনীর প্রধান পদত্যাগ করেন। ২০১৩ সালে আরেকটি ডুবোজাহাজে আগুন ধরে গেলে সেটি মুম্বাই বন্দরের কাছে ডুবে যায়। ওই দুর্ঘটনায় ১৮ জন নাবিক মারা যান।