ভারতীয় সভ্যতার মূল্যবোধ নষ্ট হতে দেওয়া যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বলেছেন, ভারতীয় সভ্যতার আসল মূল্যবোধ সহনশীলতা, বৈচিত্র্য ও বহুত্ব। এই মূল্যবোধগুলো কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না। গতকাল বুধবার নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় তিনি এ কথা বলেন। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।
উত্তর প্রদেশের দাদরি এলাকার বিসাদা গ্রামে গত ২৮ সেপ্টেম্বর গরুর মাংস খাওয়ার গুজবকে কেন্দ্র করে শতাধিক লোকের হামলায় নিহত হন ৫০ বছর বয়সী মোহাম্মদ ইকলাখ। গুরুতর আহত হন তাঁর ছেলে। ওই হত্যাকাণ্ড নিয়ে ভারতের রাজনীতিতে ব্যাপক পাল্টাপাল্টি বক্তৃতা-বিবৃতি চলছে।
রাষ্ট্রপতি প্রণব মুখার্জি গতকাল ওই প্রসঙ্গেই এমন মন্তব্য করলেন। প্রণব বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমরা কেউই আমাদের সভ্যতার মূল মূল্যবোধগুলো নষ্ট হতে দিতে চাইব না। এই মূল্যবোধগুলোই শতাব্দীর পর শতাব্দী ধরে আমাদের একত্রে রেখেছে। প্রাচীন অনেক সভ্যতার পতন হয়েছে। কিন্তু আগ্রাসনের পর আগ্রাসন, দীর্ঘমেয়াদি বিদেশি শাসন সত্ত্বেও ভারতীয় সভ্যতা টিকে আছে। এই মূল্যবোধগুলোই আমাদের সভ্যতা টিকে থাকার কারণ। এটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে।’
এদিকে এনডিটিভি অনলাইনে জানানো হয়, ভারতের উত্তর প্রদেশে গরু-গুজবে হত্যাকাণ্ডের সার্বিক বিষয় নিয়ে গতকাল দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়কে অবহিত করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন, এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা হত্যাকাণ্ড বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জানানোর ব্যাপারটি নিয়মিত ব্রিফিংয়ের অংশ বলে উল্লেখ করেছেন। এই হত্যাকাণ্ডের বিষয়ে গত মঙ্গলবার উত্তর প্রদেশ রাজ্য সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি প্রতিবেদন পাঠানো হয়।