ভারতীয় সাংবাদিক সুমিত সেন আর নেই

ভারতের প্রভাবশালী ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়ার কলকাতা সংস্করণের সম্পাদক সুমিত সেন (৬০) মারা গেছেন। গত রোববার রাতে কলকাতার একটি হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
নয় মাস ধরে ক্যানসারে ভুগছিলেন সুমিত সেন। তিনি কর্মজীবন শুরু করেছিলেন ইংরেজি দৈনিক দ্য স্টেটসম্যান পত্রিকায় অপরাধ বিষয়ের প্রতিবেদক হিসেবে। ২০০১ সালে তিনি হিন্দুস্তান টাইমস পত্রিকায় যোগ দেন। ২০০৩ সালে যোগ দেন টাইমস অব ইন্ডিয়ায়। তাঁর নেতৃত্বে কলকাতা সংস্করণের কলেবর বেড়ে যায়। কলকাতায় টাইমস অব ইন্ডিয়ার সম্পাদক পদে তিনিই সবচেয়ে বেশি সময় ধরে ছিলেন। পশ্চিমবঙ্গে বাম রাজনীতি থেকে শুরু করে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে বিশ্লেষণধর্মী একাধিক প্রতিবেদনের জন্য সুপরিচিত ছিলেন সুমিত সেন।
মৃত্যুকালে সুমিত সেন স্ত্রী মালবিকা সেনসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।