ভারতীয় গোলায় নয় পাকিস্তানি নিহত!
আজ বুধবার পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে একটি বাসে ভারতীয় নিরাপত্তা বাহিনীর গোলাবর্ষণে অন্তত নয়জন নিহত হয়েছে। আজ নিয়ন্ত্রণরেখার কাছাকাছি সংঘর্ষে পাকিস্তানের তিন সেনা নিহত হওয়ারও দাবি করেছে পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর এক বিবৃতিতে জানায়, ‘বিনা উসকানিতে ভারত গুলি চালানোর সময় ওই তিন সেনা বীরের মতো শাহাদত বরণ করে।’ আইএসপিআরের দাবি, ওই সময় পাল্টা গুলিতে ভারতের সাত সেনা নিহত হয়। তবে ভারতের পক্ষ থেকে এ দাবির বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের লাওয়াতে ভারতের নিক্ষেপ করা গোলায় নয়জন বেসামরিক লোক নিহত হয়েছে বলে দাবি করে পাকিস্তান। হামলায় আহত হয়েছে কমপক্ষে ১১ জন। পাকিস্তান জানিয়েছে, নীলম উপত্যকা অঞ্চলের কেল এলাকা থেকে মুজাফফরবাদ যাওয়ার পথে যাত্রীবাহী বাসটিতে গোলাটি আঘাত হানলে এ হতাহতের ঘটনা ঘটে।
পাকিস্তানের কর্মকর্তারা অভিযোগ করেছেন, ভারত ইচ্ছাকৃতভাবে বেসামরিক লোকদের হামলার লক্ষ্যবস্তু করছে। এ অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে ভারতের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এর আগে ভারত তাদের তিন সেনা হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয়। ভারতের অভিযোগ, গতকাল মঙ্গলবার ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের মাচিল সেক্টরে নিয়ন্ত্রণরেখা পার হয়ে পাকিস্তানি সেনারা ভারতের তিন সেনাকে হত্যা করে। এর মধ্যে একজনের শিরশ্ছেদ করা হয়। এ ঘটনার পর ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা আরও বেড়ে যায়। ওই তিন সেনা হত্যার সমুচিত জবাব দেওয়ার অঙ্গীকার করে ভারত।
ভারতের ভাষ্য, মাচিল সেক্টরে টহল দিচ্ছিল ভারতীয় সেনারা। এ সময় পাকিস্তান সেনাবাহিনীর বর্ডার অ্যাকশন টিমের সদস্যরা নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে ভারতীয় সেনাদের ওপর হামলা চালায়। ভারতের অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান।
গত ১৮ সেপ্টেম্বর ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের উরির সেনাছাউনিতে জঙ্গি হামলায় দেশটির ১৯ সেনা নিহত হওয়ার ঘটনার পর পাকিস্তানের সঙ্গে দেশটির উত্তেজনা চরমে ওঠে। ওই ঘটনার পর থেকে নিয়ন্ত্রণরেখাজুড়ে (এলওসি) উভয় দেশের সেনাদের মধ্যে প্রায়ই গোলাগুলির ঘটনা ঘটছে।
পাকিস্তান জানিয়েছে, গত আগস্ট থেকে এ পর্যন্ত তাদের ১১ সেনা ও ৩০ জন বেসামরিক লোক নিহত হয়েছে। ভারত জানিয়েছে, ওই সময়ে তাদের ১১ সেনা ও ১২ জন বেসামরিক লোক নিহত হয়েছে।