ভারতীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মন্তব্যে বিস্ময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরমাণু প্রযুক্তি সরবরাহকারী গোষ্ঠীর (এনএসজি) সাম্প্রতিক বৈঠকে ঠিক কী ঘটেছে সে সম্পর্কে কেউই সঠিক কিছু জানে না বলে মন্তব্য করলেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাবেক সেনাপ্রধান বিজয় কুমার সিং। গতকাল শনিবার উত্তর প্রদেশের বালিয়া জেলায় এক অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথাপ্রসঙ্গে এমন মন্তব্য করে বিজয় সিং বিস্ময় সৃষ্টি করেছেন।
বিস্ময় সৃষ্টির কারণ, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ বলেছিলেন, ৪৮ সদস্যের সংগঠন এনএসজির বৈঠকে শুধু চীনই পদ্ধতিগত ত্রুটির কথা তুলে ভারতের সদস্য হওয়ার পথে বাধা দিয়েছিল। তিনি বলেছিলেন, ‘আমি সম্পূর্ণ নিশ্চয়তার সঙ্গে বলতে পারি, একমাত্র চীনই পদ্ধতিগত ত্রুটির কথা তুলে ভারতের বিরোধিতা করেছিল।’
মুখপাত্র বিকাশ স্বরূপ যা বলেছেন, প্রতিমন্ত্রী বিজয় কুমার সিং বললেন তার উল্টো কথা। তিনি বলেন, ‘এনএসজির বৈঠক হয়েছিল রুদ্ধদ্বার কক্ষে। সদস্যদেশ ছাড়া অন্য কেউ সেখানে উপস্থিত ছিল না। তাই কে কার বিরুদ্ধে কী বলছে, তা জানার উপায় নেই। যা কিছু লেখা হচ্ছে, বলা হচ্ছে—সবই জল্পনা। সত্য শুধু জানে সেই দেশগুলো, যারা বৈঠকে হাজির ছিল। আমরা জানি না।’
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় বিজয় কুমার সিং একবারের জন্যও চীনকে অপরাধী বলেননি। চীন কেন ভারতের বিরুদ্ধাচরণ করছে, জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘কে বলেছে এই কথা? আমার তো জানা নেই। কিছু লেখা বা বলার আগে একবার ভাবা দরকার যে তথ্যটা কে দিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় তো দেয়নি! তাহলে? আমরা তো বৈঠকেই ছিলাম না! ঘরের বাইরে থেকে ঘরের ভেতরে কী ঘটছে, তা জানার উপায়ই বা কী?’
বিজয় কুমার সিংয়ের এই মন্তব্যের সঙ্গে তাঁরই মন্ত্রণালয়ের মুখপাত্রের কথার বৈপরীত্য নিয়ে কথা শুরু হয়েছে। বিজয় কুমার সিং যা বলেছেন, তার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথার মিল পাওয়া যাচ্ছে। সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সুষমা সরাসরি চীনকে কাঠগড়ায় দাঁড় করাননি। বরং আলোচনা চালিয়ে যাওয়ার মতো পরিস্থিতির প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন। দিন কয়েক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তাঁর প্রথম টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, কূটনীতিতে সব বিষয়ে সহমত হওয়া গুরুত্বপূর্ণ নয়। চীনের সঙ্গে ভারতের হাজারটা সমস্যা রয়েছে। থাকতেই পারে। তাই জরুরি কথাটা হলো, আলোচনা চালিয়ে নিয়ে যেতে হবে।