
জম্মু-কাশ্মীরের সীমানা পেরিয়ে এবার ভারতের পাঞ্জাবে আক্রমণ হানল সন্ত্রাসীরা। গতকাল সোমবার ভোরে দফায় দফায় এ আক্রমণে সন্ধ্যা পর্যন্ত অন্তত ১০ জনের মৃত্যু ঘটেছে। নিহত ব্যক্তিদের মধ্যে আছেন রাজ্যের গুরুদাসপুরের এসপি বলজিৎ সিংসহ চার পুলিশ, তিনজন সাধারণ নাগরিক এবং হামলাকারী তিন সন্ত্রাসী।
আচমকা এ আক্রমণের খবর পাওয়ার পর পরিস্থিতি পর্যালোচনা করতে দফায় দফায় উচ্চপর্যায়ের বৈঠক চলে। সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালসহ গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে।
পাঞ্জাবের এ ঘটনার পরই হরিয়ানা ও দিল্লিসহ গোটা উত্তর ভারতে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। অন্য রাজ্যগুলোকেও সতর্ক থাকতে বলা হয়েছে। আর পাকিস্তানের সঙ্গে সীমান্ত বন্ধ করা হয়েছে। ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে এমনিতেই বিশেষ সতর্কতা জারি করা হয়। এ ঘটনার পর নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
খালিস্তান আন্দোলন স্তিমিত হওয়ার বহু বছর পর পাঞ্জাবে আবার এমন ঘটনা ঘটল। সরকারি সূত্রের মতে, সন্ত্রাসীরা দলে ছিল তিন থেকে পাঁচজন। তারা জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবা অথবা জয়শ-ই-মোহাম্মদের সদস্য। জম্মু-কাশ্মীর থেকে তারা গুরুদাসপুর জেলায় ঢুকে পড়ে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, এই আক্রমণে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের হাত আছে।
ভোর সাড়ে পাঁচটা নাগাদ সশস্ত্র সন্ত্রাসীরা দীননগর শহরে প্রথমে একটি যাত্রীবাহী বাসের ওপর আক্রমণ চালায়। গুলিতে বাসচালক মারা যান, যাত্রীদের কয়েকজন আহত হন। তারপর তারা একটি মোটরগাড়ি ছিনতাই করে। সেই গাড়িতে চেপেই তারা দীননগর থানায় ঢুকে পড়ে গুলি ছুড়তে ছুড়তে। থানার পাশেই একটা হাসপাতাল। সেখানেও সন্ত্রাসীদের কেউ কেউ ঢুকে যায়। বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত চলে গুলির লড়াই। সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে দীর্ঘ এই ১২ ঘণ্টা সময় লাগার কারণ হিসেবে নিরাপত্তা বাহিনী বলেছে, তারা অন্তত একজন সন্ত্রাসীকে জীবিত ধরতে চেয়েছিল।
সরকারি সূত্রের খবর, তিন সন্ত্রাসী নিরাপত্তারক্ষীদের গুলিতে মারা গেছে। বাকিদের কেউ পালিয়েছে না কাউকে ধরা হয়েছে, সে বিষয়ে সরকারিভাবে কিছুই জানানো হয়নি। এলাকায় তল্লাশি চালিয়ে রেললাইন থেকে বেশ কয়েকটি বিস্ফোরক উদ্ধার করা হয়। এর মধ্যে কয়েকটি গ্রেনেড চীনের তৈরি বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী।
রাশিয়ার উফায় ভারত ও পাকিস্তানের দুই প্রধানমন্ত্রী যথাক্রমে নরেন্দ্র মোদি ও নওয়াজ শরিফের বৈঠকের পর থেকেই সীমান্ত নতুনভাবে উত্তপ্ত হতে থাকে। ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় গোলাগুলি শুরু হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমত, দুই দেশের মধ্যে শান্তি আলোচনা যাতে শুরু না হয়, সে জন্য সন্ত্রাসবাদী সংগঠনগুলো সক্রিয়। মন্ত্রণালয়ের আরেক মহলের ধারণা, এই আক্রমণের সঙ্গে ইয়াকুব মেমনের ফাঁসির যোগাযোগ থাকলেও থাকতে পারে।
১৯৯৩ সালে মুম্বাই বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগে ইয়াকুব মেমনের ফাঁসি হওয়ার কথা ৩০ জুলাই। সেই ফাঁসি রদ করতে শেষ মুহূর্তে ইয়াকুবের পক্ষ থেকে নতুনভাবে আবেদন জানানো হয়েছে। সোমবার সুপ্রিম কোর্টে সেই মামলার শুনানি অসম্পূর্ণ থাকে। আজ মঙ্গলবার ফের শুনানি। এ নিয়ে দেশ আপাতত দ্বিধাবিভক্ত।