ভারতীয় বিচারপতি মানসিক স্বাস্থ্য পরীক্ষায় নারাজ

নিজেকে মানসিকভাবে সুস্থ বলে দাবি করে ভারতের কলকাতা হাইকোর্টের বিচারক সি এস কারনান স্বাস্থ্য পরীক্ষা করাতে অস্বীকৃতি জানিয়েছেন। সুপ্রিম কোর্টের আদেশে কলকাতার সরকারি এক হাসপাতালে গতকাল বৃহস্পতিবার তাঁর স্বাস্থ্য পরীক্ষা করানোর কথা ছিল। কিন্তু তাতে অস্বীকৃতি জানিয়ে কারনান বলেন, ‘আমি স্বাস্থ্য পরীক্ষা করাব না। আমি স্বাভাবিক আছি।’
বিচারপতি কারনানের মানসিক সুস্থতা নিয়ে সংশয় প্রকাশ করে ১ মে সুপ্রিম কোর্ট আদেশ দেন, স্থানীয় সরকারি হাসপাতালে চার সদস্যের মেডিকেল টিমের অধীনে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করানো হোক।
গতকাল কলকাতার নিউ টাউনে কারনানের বাসায় পুলিশসহ হাজির হয় চার সদস্যের মেডিকেল বোর্ড। কিন্তু এ ধরনের স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য পরিবারের সম্মতি দরকার উল্লেখ করে কারনান বলেন, ‘এখানে আমার পরিবারের সদস্যরা উপস্থিত নেই। কাজেই মেডিকেল পরীক্ষা হওয়া সম্ভব নয়।’
প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের সাত বিচারপতি এর আগে কারনানের মানসিক স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিয়েছিলেন। তাতে ক্ষুব্ধ হয়ে কারনান ওই সাতজনকে গ্রেপ্তারের জন্য পুলিশকে নির্দেশ দেন। তিনি পাল্টা তাঁদেরও মানসিক সুস্থতা পরীক্ষা করতে বলেন। কয়েক মাস ধরেই বিরোধ চলছিল দুই পক্ষের। সম্প্রতি সুপ্রিম কোর্ট এক আদালত অবমাননা মামলায় কারনানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। দলিত সম্প্রদায়ের সদস্য কারনানের অভিযোগ, উচ্চবর্ণের বিচারকেরা তাঁকে হয়রানি করছেন।