ভারতীয় বিমানবাহিনীর ঘাঁটিতে ফের হামলা

ভারতে পাঞ্জাব রাজ্যের পাঠানকোটে ভারতীয় বিমানবাহিনীর ঘাঁটি এলাকায় সন্ত্রাসীদের বিরুদ্ধ অভিযানের সময় আজ রোববার শক্তিশালী বিস্ফোরণে জাতীয় নিরাপত্তা গার্ড (এনএসজি) বাহিনীর একজন সদস্য নিহত হয়েছেন। এ ছাড়া বিকেলে ফের ওই ঘাঁটি থেকে গুলি ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বিস্ফোরণে লে. কর্নেল নিরঞ্জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
পাঞ্জাব পুলিশের প্রধান কুনওয়ার বিজয় প্রতাপ আইএএনএসকে বলেন,‘ঘাঁটিতে এখনো বন্দুকযুদ্ধ চলছে। আমরা সতর্ক অবস্থানে রয়েছি। এখানে চারজনের বেশি সন্ত্রাসী থাকতে পারে। গতকাল শনিবার ১৫ ঘণ্টারও বেশি সময় ধরে বন্দুকযুদ্ধ চলে।’
এনএসজি’র কমান্ডাররা ও সেনাবাহিনীর প্যারা কমান্ডোজেরা (বিশেষ বাহিনী) ঘাঁটির একপ্রান্তে সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন। গত শুক্রবার শেষ রাতে সেনাপোশাক পরা কয়েকজন সন্ত্রাসী ওই ঘাঁটিতে ঢুকে দেদার গুলি চালায়। তাদের মোকাবিলা করেন ভারতীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। দুই পক্ষের লড়াইয়ে চার সন্ত্রাসী ও তিন সেনা সদস্যের মৃত্যু ঘটে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও তিন সেনা সদস্য।
কুনওয়ার বিজয় প্রতাপ বলেন, ‘তল্লাশি অভিযান অব্যাহত থাকবে। সবকিছু খুব সূক্ষ্মভাবে নজরদারি করা হচ্ছে। তল্লাশি শেষ হওয়ার মধ্য দিয়েই অভিযানের পরিসমাপ্তি ঘটবে।’
নাম না প্রকাশের শর্তে একজন পুলিশ কর্মকর্তা এএফপিকে বলেন, ঘটনাস্থল থেকে বিস্ফোরকদ্রব্য সরানোর সময় সৈন্যদের ওপর হামলা চালানো হয়।
তাৎক্ষণিকভাবে কোনো জঙ্গি সংগঠন হামলার দায় না নিলেও মনে করা হচ্ছে, ‘পাকিস্তানি মদদপুষ্ট’ জয়শ-ই-মহম্মদই এর জন্য দায়ী। এ কারণেই পাঠানকোট হামলার সঙ্গে সঙ্গে পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের উদ্যোগ নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। সেই সঙ্গে শুরু হয়েছে রাজনীতিও।
আরও পড়ুন: