ভারতীয় বিমানবাহিনীর ঘাঁটিতে ভয়াবহ হামলা

নরেন্দ্র মোদির চমক জাগানো পাকিস্তান সফরের এক সপ্তাহ কাটতে না কাটতেই পাঞ্জাবের পাঠানকোটে ভারতীয় বিমানবাহিনীর ঘাঁটিতে ভয়াবহ সন্ত্রাসী হামলা হলো। শুক্রবার শেষ রাতে সেনাপোশাক পরা কয়েকজন সন্ত্রাসী ওই ঘাঁটিতে ঢুকে দেদার গুলি চালায়। তাদের মোকাবিলা করেন ভারতীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। দুই পক্ষের লড়াইয়ে চার সন্ত্রাসী ও তিনজন সেনা জওয়ানের মৃত্যু ঘটে।
তাৎক্ষণিকভাবে কোনো জঙ্গি সংগঠন হামলার দায় না নিলেও মনে করা হচ্ছে, ‘পাকিস্তানি মদদপুষ্ট’ জয়শ-ই-মহম্মদই এর জন্য দায়ী। এ কারণেই পাঠানকোট হামলার সঙ্গে সঙ্গে পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের উদ্যোগ নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। সেই সঙ্গে শুরু হয়েছে রাজনীতিও।
ঘটনার পর ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন, ‘প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক ভারত সব সময়ই চায়। কিন্তু জঙ্গি আক্রমণের শিকার হলে ভারত তার যোগ্য জবাব দেবে।’
গতকাল বিকেলে প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর তাঁর মন্ত্রণালয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক ডাকেন। বৈঠকে বিমানবাহিনী প্রধান অরূপ রাহা, নৌবাহিনীর প্রধান রবীন ধোয়ান, সেনাপ্রধান জেনারেল দলবীর সিং এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল উপস্থিত ছিলেন। তার আগে প্রতিরক্ষামন্ত্রী ঘটনা বিস্তারিতভাবে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।
শুক্রবার দিবাগত শেষ রাত সাড়ে তিনটা নাগাদ পাঠানকোটের বিমানবাহিনী ঘাঁটি আচমকাই গুলির শব্দে কেঁপে ওঠে। এর আগে শুক্রবারই ভোরে জম্মু-পাঠানকোট মহাসড়কে কয়েকজন সশস্ত্র দুষ্কৃতকারী রাজ্য পুলিশের এক সুপারিনটেনডেন্টের গাড়ি ছিনতাই করে। সেই ঘটনার পরই রাজ্যের সর্বত্র রেড অ্যালার্ট জারি করা হয়েছিল। সতর্কতা জারি করা হয় বিমানবাহিনীর ওই ঘাঁটিতেও, যা পাকিস্তান সীমান্ত থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে। বিমানবাহিনীর ঘাঁটিতে বেশ কিছুসংখ্যক সেনাসদস্য মোতায়েন করা হয়। সতর্ক করা হয় জাতীয় নিরাপত্তা বাহিনীকেও। এসব সতর্কতার ফলে সন্ত্রাসীরা পাঠানকোট ঘাঁটির ‘টেকনিক্যাল এলাকায়’ যেতে পারেনি। সেখানেই মিগ-২১ ও মিগ-২৯ যুদ্ধবিমানের ঘাঁটি। কিন্তু সেখানে যাওয়ার আগেই ওই সন্দেহভাজন জঙ্গিরা বাধা পায়। শুরু হয় গুলির লড়াই। সকাল সাড়ে সাতটার মধ্যেই দুই পক্ষের গুলির লড়াইয়ে চার সন্ত্রাসী ও তিন সেনার মৃত্যু হয়। কিছু পরে আরও একবার বিস্ফোরণের শব্দ শোনা যায়। হামলাকারীরা সংখ্যায় ঠিক কতজন ছিল, সেই হিসাব গতকাল সন্ধ্যা পর্যন্ত পুরোপুরি স্পষ্ট নয়। গোটা এলাকা ঘিরে চিরুনি তল্লাশি চালানো হয়। এ সময় আকাশপথে টহল দিতে থাকে বিমানবাহিনীর হেলিকপ্টার।
সরকারি অনুমান, জঙ্গিদের দলটি সীমান্ত পেরিয়ে পাঠানকোটে আসার পথেই পুলিশ সুপারের গাড়ি ছিনতাই করে। সেই গাড়ি তারা বিমানবাহিনী ঘাঁটির কাছাকাছি এসে ছেড়ে দিয়ে হেঁটে বিমানবন্দরের পেছন দিয়ে ঢোকে। হামলা চালানোর আগে জঙ্গিদের কেউ কেউ পাকিস্তানে তাদের পরিবারের সঙ্গে কথাও বলে। ভারতের কাছে সেই প্রমাণ রয়েছে বলে সরকারি সূত্রের খবর।
সবশেষে এই সন্ত্রাসী হামলায় ভারতের রাজনৈতিক অঙ্গন অভিযোগ আর সাফাইয়ের ঝড়ে সরগরম। বিরোধী দল কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা নিরাপত্তা বাহিনীকে বাহবা দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রীর পাকিস্তান নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর প্রশ্ন, মোদি যে বলেছিলেন পাকিস্তানের হঠকারিতার যোগ্য জবাব দেবেন, তার কী হলো? প্রধানমন্ত্রী একবার কড়া কথা বলছেন, পরক্ষণেই গলাগলি করছেন। পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা কোথায়?
বিজেপি এই সমালোচনার জবাবে বলছে, একটা হামলা হয়েছে বলেই কথা বন্ধ থাকবে না। কংগ্রেসের উদ্দেশে বিজেপি মুখপাত্র প্রকাশ জাভড়েকরের মন্তব্য, এটা রাজনীতি করার সময় নয়।
সাবেক সেনানী এবং পররাষ্ট্র বিশেষজ্ঞদের মধ্য থেকেও ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় আলোচনার কার্যকারিতা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। তাঁদের মতে, এ ধরনের হামলার উপযুক্ত জবাব ভারত না দিলে এই উপদ্রব বন্ধ হবে না। কেউ কেউ এমন কথাও বলছেন, দুই দেশের দুই গণতন্ত্রী সরকার কাছাকাছি এলে পাকিস্তানের সেনা ও গোয়েন্দাদের ক্ষতি। তারা কিছুতেই চাইবে না দুই প্রধানমন্ত্রীর বন্ধুতা বাড়ুক।
মাত্র সাত দিন আগে ২৫ ডিসেম্বর নরেন্দ্র মোদি আফগানিস্তান থেকে দেশে ফেরার পথে আচমকাই লাহোরে নেমে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে দেখা করেন। সেই বৈঠকের পরেই চূড়ান্ত হয়, চলতি মাসের ১৫ তারিখে ইসলামাবাদে দুই দেশের পররাষ্ট্রসচিব পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় আলোচনা ফের শুরু করবেন। দৃশ্যত, এই হামলার লক্ষ্য দুই দেশের প্রধানমন্ত্রীর কাছাকাছি আসা বানচাল করে দেওয়া। সেই জন্যই ঘটনার প্রায় সঙ্গে সঙ্গেই পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কাজী খলিলউল্লাহ এ হামলার নিন্দা করে বিবৃতি দিয়েছেন। ভারতের জনগণের প্রতি গভীর সমবেদনা ও নিহত জওয়ানদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করে মুখপাত্র বলেছেন, এই উপমহাদেশ থেকে সন্ত্রাস সমূলে উচ্ছেদ করতে ভারতসহ অন্যদের সঙ্গে পাকিস্তানও লড়াই চালিয়ে যাবে।
পাকিস্তানের এই প্রতিক্রিয়া এবং পাশাপাশি সম্পর্কের উন্নতির জন্য ভারতীয় নেতাদের বিবৃতির মধ্য দিয়ে এটা পরিষ্কার, অতীতের মতো ভুল মোদি সরকার এবার করতে রাজি নয়। অতীতে বিভিন্ন সময়ে দেখা গেছে, দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে সন্ত্রাসী হামলা বা সন্ত্রাসের সমর্থকদের সঙ্গে বৈঠকের কারণে ভারত আলোচনা থেকে পিছিয়ে এসেছে। মোদি-জমানায় পরপর দুবার এমন ঘটনা ঘটেছে। প্রথমটি পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক, দ্বিতীয়টি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের আলোচনা। প্রথমবার কাশ্মীরের হুরিয়াত নেতাদের সঙ্গে কথা বলা ছিল আলোচনা বন্ধের অজুহাত, দ্বিতীয়বার আলোচনার চরিত্র নিয়ে। দেখা যাচ্ছে, এবার এত বড় একটা সন্ত্রাসী হামলা সত্ত্বেও ভারতীয় নেতৃত্ব এখনই আলোচনা বন্ধের রাস্তায় হাঁটতে রাজি নয়। বিজেপি নেতারা গতকাল বলেছেন, আলোচনা যেমন চলছে, তেমনই চলবে। আলোচনার লক্ষ্যই হবে সন্ত্রাসের সমূল উৎপাটন।