ভারতীয় ব্যবসায়ী বিজয় মালিয়া লন্ডনে গ্রেপ্তার

ভারতের বিতর্কিত শীর্ষ ব্যবসায়ী বিজয় মালিয়াকে লন্ডনে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিশাল অঙ্কের ঋণ খেলাপ এবং অর্থ পাচারের অভিযোগ রয়েছে। গত বছর মালিয়া লন্ডনে পালিয়ে যান। তাঁকে গ্রেপ্তারের পর গতকাল মঙ্গলবার লন্ডনে মেট্রোপলিটন আদালতে হাজির করা হয়।
আদালতে ৬ লাখ ৫০ হাজার পাউন্ডের বন্ডে তিনি জামিনে মুক্তি পান। আগামী ১৭ মে তাঁকে আদালতে হাজির হতে হবে।
লন্ডনে বিজয় মালিয়াকে গ্রেপ্তার করেছে স্কটল্যান্ড ইয়ার্ড। এক বিবৃতিতে পুলিশের সংস্থাটি জানায়, মালিয়াকে ভারতের অনুরোধে দেশটির পক্ষ থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ করেছে ভারত। গ্রেপ্তারের পর মালিয়াকে সেন্ট্রাল লন্ডনের এক থানায় রাখা হয়েছে। তাঁকে ভারতে ফেরত পাঠানোর আগে নানা ধরনের আইনি প্রক্রিয়া শেষ করতে হবে বলে ধারণা করা হচ্ছে।
কিংফিশার এয়ারলাইনসের মালিক বিজয় মালিয়ার বিরুদ্ধে ৯ হাজার কোটি রুপি ঋণ খেলাপের অভিযোগ রয়েছে। ভারতের বিভিন্ন ব্যাংক তাঁর বিরুদ্ধে মামলা করেছে৷ কিংফিশার এয়ারলাইনস ধসের পর ব্যাংকগুলো অর্থ ফেরত পাওয়ার চেষ্টা শুরু করলে গত বছর যুক্তরাজ্যে পালিয়ে যান মালিয়া। এরপর ভারত তাঁর পাসপোর্ট বাতিল করে।
একপর্যায়ে ভারত সরকার যুক্তরাজ্য সরকারকে বিজয় মালিয়াকে আটক করে হস্তান্তরের আবেদন জানায়।