ভারতীয় সেনাদের জন্য 'শীতাতপনিয়ন্ত্রিত জ্যাকেট'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের উষ্ণ অঞ্চলে দীর্ঘ সময় ধরে কাজ করা বিশেষ বাহিনীর সদস্যদের জন্য ‘শীতাতপনিয়ন্ত্রিত জ্যাকেট’-এর কার্যকারিতার পরীক্ষা করা হচ্ছে। গোয়ার মুখ্যমন্ত্রী ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর এ কথা জানান।

বার্তা সংস্থা আইএএনএসের এক প্রতিবেদনে বলা হয়, ওই জ্যাকেটের পরীক্ষা চলার বিষয়টি মনোহর পারিকর নিশ্চিত করলেও জ্যাকেট তৈরির প্রযুক্তি কিংবা কী ধরনের উপাদান দিয়ে এটা তৈরি তা জানাননি। সরকারের পক্ষ থেকেও এ বিষয়ে কিছু জানানো হয়নি।

আজ রোববার এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে মনোহর পারিকর বলেন, ‘বিশেষ বাহিনীর অভিযানের সময় ব্যাপক শারীরিক কসরত হয়। এতে শরীর গরম হয়ে যায়। বাহিনীর সদস্যরা ভীষণ অস্বস্তিবোধ করেন। এ সময় বাহিনীর সদস্যদের যদি শীতাতপনিয়ন্ত্রিত জ্যাকেট পরে থাকেন, তবে তাঁরা স্বস্তিবোধ করবেন। এই জ্যাকেটের পরীক্ষা চলছে।’

মার্কিন প্রতিরক্ষা দপ্তরের তথ্য অনুযায়ী, ইতিমধ্যেই মার্কিন সেনারা এ ধরনের জ্যাকেট পরিধান করেন।

মনোহর পারিকর ২০১৪ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরে চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী নির্বাচিত হলে তিনি গোয়ায় ফিরে যান।