ভারতীয় সেনাবাহিনীর 'ইজ্জতের প্রশ্ন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের একটি সেনানিবাসে গত রোববার ভোরে চার বন্দুকধারীর হামলায় ১৭ সেনা নিহত হওয়ার পর ভারতীয় সেনাবাহিনীর ভেতরে ক্ষোভ আরও বেড়েছে। ‘উপযুক্ত’ জবাব দেওয়াটা এখন ভারতীয় সেনাবাহিনীর ‘ইজ্জতের প্রশ্ন’ হয়ে দেখা দিয়েছে।

হামলায় জড়িত কেউ পার পাবে না—এই আশ্বাস দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি পাকিস্তানের নাম বলেননি। কিন্তু তাঁর বক্তব্যে এমন ইঙ্গিত মিলেছে যে ভারতীয় সেনাবাহিনী এখন পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে নিজ অবস্থান আবার সংহত করার কৌশল নেবে। দিল্লির জ্যেষ্ঠ নেতাদের অভিযোগ, সেনাবাহিনীর কৌশলগত দুর্বলতার জন্যই রোববারের হামলাকারীরা সুযোগ পেয়েছিল।

এ হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান। এতে ভারত আরও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। সেনাবাহিনী ওই হামলার বদলা নিতে মুখিয়ে আছে। ফলে পারমাণবিক অস্ত্রধারী দুই বৈরী প্রতিবেশী দেশের সম্পর্কে উত্তেজনা বাড়বে, এটা নিশ্চিত।

নিরাপত্তা বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন, সেনাবাহিনীর আগ্রাসী অংশটিকে খোদ নরেন্দ্র মোদি এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল উৎসাহ দিচ্ছেন। তাঁরা পাকিস্তানকে মোকাবিলায় পেশিশক্তি প্রদর্শনের পক্ষপাতী। কিন্তু এই অবস্থান সীমান্তের সম্ভাব্য পরিণাম সম্পর্কে যথেষ্ট বিচক্ষণতার পরিচায়ক নয়।

সামরিক বিশ্লেষক লেফটেন্যান্ট জেনারেল (অব.) বিজয় কাপুর বলেন, এখন পাকিস্তানের কাছ থেকে কৌশলগত সুবিধা কেড়ে নেওয়ার সময় হয়েছে। রোববারের হামলার পাল্টা জবাব দেওয়ার মাধ্যমেই এটা সম্ভব হতে পারে। ওদের দেখিয়ে দিতে হবে, ভারতীয় সেনাবাহিনীরও সামর্থ্য আছে।

ভারতের সাবেক ডেপুটি চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল রাজ কাদিয়ান বলেন, ‘কাশ্মীরের সেনানিবাসে হামলার দ্রুত জবাব দেওয়া উচিত। আমরা যেভাবে একের পর এক হামলার শিকার হচ্ছি, তা অনির্দিষ্টকালের জন্য চলতে দেওয়া যায় না।’

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তারা একমত হয়েছেন যে ভারতকে এবার বিচার-বিবেচনা করেই নাটকীয় জবাব দিতে হবে। এতে ওই হামলা নিয়ে জনগণের পাশাপাশি সেনাবাহিনীর মনোভাবের প্রতিফলন থাকতে হবে।