ভারতীয় হাইকমিশনে ড্রোন দিয়ে নজরদারি করে পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড্রোন। প্রতীকী ছবি।
ছবি : এএফপি

জম্মু–কাশ্মীরের সীমান্তবর্তী এলাকা ও সেনা ছাউনিতে সম্প্রতি ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এবারে ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের ওপরেও ড্রোন দিয়ে নজরদারির ঘটনার কথা জানা গেছে। গত ২৬ জুন ভারতীয় দূতাবাসের সংরক্ষিত অঞ্চলে একটি ড্রোন উড়তে দেখা যায়। ওই সময় হাইকমিশনে একটি অনুষ্ঠান চলছিল। ভারতের পক্ষ থেকে এই ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে। এ ঘটনা নিরাপত্তার পক্ষে ঝুঁকিপূর্ণ বলে পাকিস্তানের কাছে ভারতীয় দূতাবাস এক প্রতিবাদপত্র পাঠিয়েছে।

গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ বিষয়ে প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, ইসলামাবাদের ঘটনার তদন্ত করার জন্য পাকিস্তানকে বলা হয়েছে। ভারত প্রতিবেশী রাষ্ট্রকে বলেছে, এই ধরনের নিরাপত্তা বিঘ্নকারী ঘটনা যাতে আর না ঘটে, পাকিস্তান যেন তা নিশ্চিত করে। তিনি এ কথাও জানান, সম্প্রতি জম্মুর সেনা ছাউনিতে যে ড্রোন হামলা হয়েছে, তার তদন্ত এখনো চলছে।

ইদানীং সীমান্তপার থেকে ড্রোন অভিযানের ঘটনা বেড়ে গেছে। প্রায়ই সীমান্তবর্তী এলাকায় ড্রোন দেখা যাচ্ছে। শুক্রবার ভোরে জম্মুতে আরনিয়া সেক্টরে জাবোয়াল সীমান্তঘাঁটিতে চার রোটার–সংবলিত একটি স্বয়ংচালিত ‘কোয়াডকপ্টার’ উড়তে দেখা যায়। সেটি আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করার তালে ছিল বলে সামরিক সূত্রের দাবি।

সীমান্ত নিরাপত্তারক্ষীরা তা লক্ষ্য করে গুলি ছোড়ে। বিএসএফের বিবৃতিতে বলা হয়, তাদের তৎপরতায় সেটি ফিরে যেতে বাধ্য হয়। বিএসএফের জম্মু এলাকার ইন্সপেক্টর জেনারেল এন এস জামওয়াল সংবাদমাধ্যমকে বলেন, তাঁরা গোটা এলাকায় তল্লাশি চালিয়ে কোনো অস্ত্র বা বিস্ফোরকের সন্ধান পাননি।

জম্মুতে কিছুদিন আগে বিমানবাহিনীর ঘাঁটিতে ড্রোন দিয়ে বিস্ফোরণ ঘটানো হয়। তাতে দুই সেনা সামান্য আহত হন। ঘাঁটির কিছু অংশ অল্প ক্ষতিগ্রস্ত হয়। বিএসএফ ও সেনা গোয়েন্দারা জানিয়েছেন, ওই হামলার পেছনে জঙ্গি সংগঠন লস্কর–ই তইবার হাত রয়েছে বলে মনে করা হচ্ছে।

নিয়ন্ত্রণরেখা বরাবর স্বয়ংচালিত ড্রোন ব্যবহার সম্পর্কে জম্মু–কাশ্মীর পুলিশের মহাপরিচালক দিলবাগ সিং গতকাল জম্মুতে বলেন, লস্কর–ই তইবা ও জইশ–ই মোহাম্মদ ড্রোনের সাহায্যে জঙ্গিদের অস্ত্র ও বিস্ফোরক সরবরাহ করে। এই কাজ তারা কয়েক বছর আগেও করেছিল। সম্প্রতি জম্মুতে এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। তাঁর কাছ থেকে সাড়ে পাঁচ কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়।

তবে শুধু জঙ্গিগোষ্ঠীই নয়, ড্রোনের সাহায্যে মাদক পাচারকারীরা সীমান্তের ওপার থেকে মাদকও পাচার করেন। ২০১৯ সালে অমৃতসর জেলায় সীমান্তের ওপার থেকে এমন একটি ড্রোনের সন্ধান পাওয়া গিয়েছিল। তবে সেনাঘাঁটির ওপর ড্রোন হামলা এবার প্রথম ঘটল। ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা একে পাকিস্তানের দিক থেকে ‘লো কস্ট ওয়ারফেয়ার’–এর নতুন সংস্করণ মনে করছেন। জম্মু–কাশ্মীর পুলিশের মহাপরিচালক গতকাল জানান, পুলওয়ামা সংঘর্ষে লস্করের জেলা কমান্ডার নিশাজ লোনসহ পাঁচ সন্ত্রাসীর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে একজন পাকিস্তানি সন্ত্রাসী।