ভারতীয় 'চরের' মৃত্যুদণ্ড কার্যকর না করার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের করা মামলার ওপর শুনানি শেষ না হওয়া পর্যন্ত চরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত হওয়া ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তাকে মৃত্যুদণ্ড না দিতে পাকিস্তানকে নির্দেশ দিয়েছেন জাতিসংঘের একটি শীর্ষ আদালত।

আন্তর্জাতিক আদালতের (আইসিজে) কাছে ভারত অভিযোগ করেছে, চরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত হওয়া কুলভূষণ সুধীর যাদবের কাছে ভারতীয় প্রতিনিধিকে যেতে না দিয়ে পাকিস্তান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।

২০১৬ সালের মার্চে বেলুচিস্তান থেকে যাদবকে গ্রেপ্তার করা হয়। গুপ্তচরবৃত্তির অভিযোগে গত মাসে তিনি দোষী সাব্যস্ত হন। যাদবের বিরুদ্ধে আনা চরবৃত্তির অভিযোগ অস্বীকার করে ভারত পাল্টা অভিযোগ করেছে, যাদবকে অপহরণ করেছে পাকিস্তান। তবে পাকিস্তান এ অভিযোগ অস্বীকার করেছে।

দ্য হেগে আন্তর্জাতিক আদালতে পাকিস্তান যুক্তি উপস্থাপন করে বলে, এই মামলার বিচারের এখতিয়ার আন্তর্জাতিক আদালতের নেই। পাকিস্তানের এই বক্তব্য নাকচ করে আদালত বলেন, তাঁরা এই মামলার শুনানি করবেন এবং উভয় পক্ষের যুক্তিতর্ক গ্রহণ করবেন।

আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক আদালতের সভাপতি রনি আব্রাহাম বলেন, ‘আদালতের জন্য এ নির্দেশনাই যথাযথ যে এ আদালত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দেওয়ার আগে যাদবের মৃত্যুদণ্ড কার্যকর না করার বিষয়টি নিশ্চিত করতে পাকিস্তান সব ধরনের পদক্ষেপ নেবে। যাদবের কাছে প্রতিনিধি পাঠানোর অধিকার ভারতের রয়েছে।’

চলতি বছরের ১০ এপ্রিল কুলভূষণ যাদবকে মৃত্যুদণ্ড দেন পাকিস্তানের ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল (এফজিসিএম)। ওই সময় পাকিস্তানের আইএসপিআর এক বিবৃতিতে জানায়, ‘পাকিস্তানের সামরিক আইনের (পিএএ) আওতায় এফজিসিএম ওই গুপ্তচরকে সাজা দিয়েছেন। তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তাঁর মৃত্যুদণ্ডাদেশের বিষয়টি সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া নিশ্চিত করেন।