ভারতে আইএসবিরোধী প্রচারে মুসলিম-সমাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে প্রচারে নেমেছে মুম্বাইয়ের একটি মুসলিম সামাজিক সংগঠন।

‘মুসলিম অ্যাগেইনস্ট আইএসআইএস’ নামের সংগঠনটি গত শুক্রবার থেকে তাদের আইএসবিরোধী প্রচার-কার্যক্রম শুরু করেছে। তাদের সঙ্গে এই প্রচারে যুক্ত হয়েছে ‘সাহস ফাউন্ডেশন’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এবং ‘উর্দু মারকাজ’ নামের একটি তাত্ত্বিক প্রতিষ্ঠান।

প্রচারে বলা হচ্ছে, আইএসের সব কাজকর্ম ইসলামবিরোধী। তাদের কর্মকাণ্ডের মধ্যে মধ্যযুগীয় বর্বরতা আছে।

গত শুক্রবার জুম্মার নামাজের পর ভিন্ডি বাজার এলাকার ইমামবাড়া মিউনিসিপ্যাল উর্দু স্কুলের মাঠে আয়োজিত এক সমাবেশ থেকে আইএসবিরোধী ওই প্রচার-কার্যক্রম শুরু করা হয়।

‘মুসলিম অ্যাগেইনস্ট আইএসআইএস’ বলছে, তাদের লক্ষ্য—ভারতীয় মুসলিম যুবকদের মধ্যে যারা আইএসের ভাবধারার প্রতি আকৃষ্ট হয়েছে বা হচ্ছে তাদের খুঁজে বের করা। তাদের ওই ভাবধারার সংস্পর্শ থেকে ফিরিয়ে আনা। তাদের মানসিকভাবে সংশোধন বা কাউন্সেলিং করা।

আইএসবিরোধী এই প্রচারের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বলছেন, মূলত বিপথগামী মুসলিম যুবকদের সংশোধনের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। লক্ষ্য অর্জনে তারা তাদের প্রচার অব্যাহত রাখবেন।

সাহস ফাউন্ডেশনের পক্ষে সৈয়দ ফুরকান বলেন, ‘নতুন বছরের শুরুতে আমরা দেশ ও সমাজের স্বার্থে ভালো কাজ করার প্রতিজ্ঞা করেছি। তাই আমরা ঠিক করেছি যে, আইএসের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যাপক প্রচার চালাব। কারণ আল-কায়েদা, আইএসের জন্য আজ ইসলামের অপমান হচ্ছে।’

প্রচারে যুক্ত জুবের আজমি বলেন, ‘যারা ধর্মের নামে ঠান্ডা মাথায় মানুষ মারে, তারা ইসলামের কেউ নয়। তারা অমানুষ, বর্বর। নানা গল্প আর মোহ ছড়িয়ে তারা (আইএস) মুসলিম যুবকদের দলে ভিড়িয়ে নেওয়ার চেষ্টা করে। এটা মেনে নেওয়া যায় না।’