ভারতে আগুনে ও ট্রাকের ধাক্কায় ৩৫ জনের মৃত্যু
কেরোসিনের আগুনে পুড়ে এবং ট্রাকের ধাক্কায় ৩৫ জনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার ভারতের মধ্যপ্রদেশ ও অন্ধ্র প্রদেশে এ ঘটনা ঘটে।
মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া জেলার বাগরি গ্রামে দরিদ্রদের মধ্যে বিনা মূল্যে কেরোসিন বিতরণের সময় গতকাল শুক্রবার বিকেল পাঁচটার দিকে এই দুর্ঘটনা ঘটে। গ্রামের একটি কমিউনিটি হলে আগুন লেগে যায়।
ছিন্দওয়াড়ার পুলিশ সুপার গৌরব তেওয়ারি সাংবাদিকদের জানিয়েছেন, মৃতদেহ উদ্ধার হয়েছে। নিহত ১৫ জনের মধ্যে আটজনের পরিচয় মিলেছে। মৃত ব্যক্তিদের মধ্যে তিনজন নারী। আহত কয়েকজন। এর মধ্যে চারজনের অবস্থা গুরুতর। তাদের নরসিংহপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুঃখ প্রকাশ করেছেন। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান নিহত ব্যক্তিদের পরিবারপিছু চার লাখ রুপি এবং আহত ব্যক্তিদের ৫০ হাজার রুপি আর্থিক অনুদানের ঘোষণা দেন।
পৃথক আরেকটি ঘটনা ঘটেছে ভারতের অন্ধ্র প্রদেশের চিত্তুর জেলার ইয়েরপেডু বাজারে। গতকাল দুপুরে এই বাজারে খরাক্লিষ্ট কৃষকেরা বিভিন্ন দাবি নিয়ে জড় হয়েছিলেন। এ সময় হঠাৎ করে একটি ট্রাক তাঁদের ধাক্কা দেয়। এতে ২০ জন মারা যান। পুলিশ বলেছে, চালক মাতাল ছিলেন। ট্রাকটি শ্রীকালহস্তী থেকে তিরুপতি যাচ্ছিল। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কজন। তিরুপতি ও শ্রীকালহস্তীর সরকারি হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে।