ভারতে আত্মহত্যার চেষ্টা শাস্তিযোগ্য অপরাধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে আত্মহত্যার চেষ্টা আর আইনত অপরাধ হিসেবে গণ্য করা হবে না। শিগগিরই সংবিধান থেকে ৩০৯ নম্বর ধারাটি বাতিল করতে যাচ্ছে দেশটির সরকার ।

৩০৯ ধারার অধীনে দেশটিতে কোনো ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করলে তাঁকে জরিমানাসহ এক বছরের কারাদণ্ড ভোগ করতে হতো।

আজ বুধবার টাইমস অব ইন্ডিয়ার খবরে জানানো হয়, দেশটির ১৮টি রাজ্য ও চারটি ইউনিয়নভুক্ত অঞ্চল ধারাটি বাতিলের এ সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে।

গত আগস্ট মাসে লোকসভার অধিবেশনে দেশটির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেণ রিজিজু বলেন, ভারতের আইন কমিশন তাদের প্রতিবেদনে সংবিধান থেকে ৩০৯ ধারাটি বাতিলের সুপারিশ করেছে।

আইন কমিশনের মতে, আত্মহত্যার চেষ্টার বিষয়টি মানসিক অসুস্থতার একটি পর্যায় হিসেবে বিবেচনা করা উচিত। তাই আত্মহত্যার চেষ্টাকারী ব্যক্তিকে শাস্তি না দিয়ে বরং তাঁর চিকিৎসা করা এবং যত্ন নেওয়া জরুরি। কমিশন জানায়, পাকিস্তান, বাংলাদেশ, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ভারতের মতো হাতে গোনা কয়েকটি দেশ ছাড়া পৃথিবীর বেশির ভাগ দেশই প্রাচীনপন্থী এ আইন বাতিল করেছে।