ভারতে আদালতের ভেতরে গুলি, পুলিশ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের একটি আদালতের ভেতরে নির্বিচারে গুলির ঘটনা ঘটেছে। এতে পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। অল্পের জন্য রক্ষা পেয়েছেন বিচারক।

আজ বৃহস্পতিবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, গতকাল বুধবার নয়াদিল্লির কারকারডুমা জেলা আদালতের ৭৩ নম্বর কক্ষে ওই ঘটনা ঘটে।

গুলির সময় মহানগর হাকিম সুনিল গুপ্তের আদালতে বিচারকাজ চলছিল। হামলায় চারজন সশস্ত্র দুর্বৃত্ত অংশ নেয়। তারা অপ্রাপ্তবয়স্ক বলে ধারণা করা হচ্ছে।

২৫ সেকেন্ডের ব্যবধানে ১০-১২টি গুলি ছোড়া হয়। হামলার লক্ষ্য ছিল ইরফান নামের এক আসামি। ২৩টি ফৌজদারি অপরাধের মামলার এই আসামি গুলিতে গুরুতরভাবে আহত হয়েছেন।

নিহত পুলিশ-সদস্যের নাম রাম কুনবার মিনা। তিনি প্রধান কনস্টেবল হিসেবে দিল্লি আর্মড পুলিশের তৃতীয় ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ২০১২ সালের এক মামলায় ইরফানকে আদালতে হাজির করা হয়। মিনাসহ অন্য পুলিশ সদস্যরা আসামির পাহারায় ছিলেন। চারজন সশস্ত্র দুর্বৃত্ত আদালতকক্ষের দরজায় দাঁড়িয়ে ছিল। একপর্যায়ে তারা ইরফানকে লক্ষ্য করে নির্বিচারে গুলি ছুড়তে শুরু করে। পুলিশ সদস্য মিনাকে ঢাল হিসেবে ব্যবহার করেন ইরফান। দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন মিনা ও ইরফান। তাঁদের কাছের এক হাসপাতালে নেওয়া হয়। সেখানে মিনাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা।

দুর্বৃত্তদের ছোড়া গুলি থেকে অল্পের জন্য রক্ষা পান বিচারক। তাঁর চেয়ারে গুলি লেগেছে। ঘটনার সময় আদালত কক্ষে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়। পরে চার হামলাকারীকে পাকড়াও করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।