ভারতে আবার গণধর্ষণ, ক্ষোভের ঝড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের রাজধানী নয়াদিল্লির অদূরে দুটি গণধর্ষণের ঘটনায় আবার দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অপরাধীদের নৃশংসতার জন্য ঘটনা দুটি মানুষকে স্তম্ভিত করেছে।
দিল্লির উপকণ্ঠে অবস্থিত গুরগাঁওয়ে ঘটেছে সর্বশেষ ঘটনাটি। সেখানে চলন্ত গাড়িতে ২২ বছর বয়সী এক তরুণীকে কয়েকজন মিলে ধর্ষণ করে। গুরগাঁও পুলিশের ডিস্ট্রিক্ট কমিশনার সুমিত কুমার গতকাল সোমবার বলেন, ২২ বছর বয়সী তরুণীটিকে শনিবার রাতে রাস্তা থেকে জোর করে গাড়িতে তুলে নেওয়া হয়। পরে চলন্ত গাড়িতে গণধর্ষণ করা হয় তাঁকে। পুলিশ কাউকে গ্রেপ্তার করতে না পারলেও কয়েকটি সূত্রের ভিত্তিতে অনুসন্ধান চালাচ্ছে।
এর কয়েক দিন আগে হরিয়ানা রাজ্যের রোহতাক জেলায় সাবেক প্রেমিকাকে অপহরণ করে গণধর্ষণ করেন এক যুবক ও তাঁর সহযোগীরা। পরে মেয়েটিকে নির্মমভাবে হত্যা করে লাশ এক শিল্প এলাকার আবর্জনার মধ্যে ফেলে দেওয়া হয়। রোববার পুলিশ জানায়, ২৩ বছর বয়সী সুমিত নামের এক তরুণ বন্ধুদের নিয়ে এই নৃশংস কাজ করেন। স্থানীয় এক বাসিন্দা কয়েকটি কুকুরকে মানুষের দেহাবশেষ খেতে দেখলে মেয়েটির লাশের খোঁজ মেলে।
নারী, মানবাধিকারকর্মী ও রাজনৈতিক নেতারা হরিয়ানার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। বিরোধী দল কংগ্রেসের নেত্রী সোনিয়া গান্ধীও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন। এর মধ্যেই দিল্লিতে আবার গণধর্ষণের ঘটনা ঘটল।
এদিকে এনডিটিভি জানায়, হরিয়ানাতেই ১০ বছরের একটি মেয়ের বিষয়ে করণীয় ঠিক করতে আলোচনা করছেন চিকিৎসকেরা। সৎবাবা ধর্ষণ করার পর সে গর্ভবতী হয়ে পড়ে বলে অভিযোগ। আর চার মাস পর তার সন্তান প্রসবের সময় হবে বলে মনে করা হচ্ছে। পরিবার তার গর্ভপাত করাতে চায়। ভারতে মায়ের জীবন বিপন্ন না হলে ২০ সপ্তাহের পর গর্ভপাত নিষিদ্ধ।