ভারতে আবার গির্জায় হামলা, আটক ব্যক্তিরা এক ঘণ্টায় মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মধ্যপ্রদেশের জব্বলপুরে গির্জায় হামলার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গত রোববার রাতে গ্রেপ্তারের পর তাদের এক ঘণ্টার মধ্যেই ছেড়ে দেওয়া হয়। খবর এনডিটিভি ও এএফপির।
গির্জায় হামলার অভিযোগে যাদের ধরা হয়েছে, তারা উগ্র হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু ধর্মসেনার সদস্য বলে জানা গেছে। ধর্মসেনা ওই এলাকার ২০০ জন আদিবাসীকে খ্রিষ্টধর্মে দীক্ষিত করার অভিযোগ তুলেছে ওই গির্জার বিরুদ্ধে। তবে তারা গির্জায় হামলার কথা অস্বীকার করেছে।
গ্রেপ্তার হওয়া ছয়জনের মধ্যে ধর্মসেনার স্থানীয় নেতাও রয়েছেন। গির্জার সিসিটিভির ফুটেজ দেখে এবং ঘটনার সময় সেখানে থাকা আদিবাসীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই ছয় ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। রোববার রাতে গ্রেপ্তার হওয়ার পর অভিযুক্ত ব্যক্তিদের এক ঘণ্টা স্থানীয় থানায় রাখার পর পুলিশ তাদের ছেড়ে দেয়।
গির্জা কর্তৃপক্ষের অভিযোগ, হামলাকারীরা বাইবেলবিষয়ক সম্মেলনে আসা ২০০ আদিবাসীর ওপরও হামলা চালায়। আদিবাসীদের খ্রিষ্টধর্মে দীক্ষিত করার অভিযোগ অস্বীকার করে গির্জা কর্তৃপক্ষ বলে, যাঁরা সম্মেলনে এসেছেন, তাঁরা আগে থেকেই খ্রিষ্টান।
ভারতে সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতা নিয়ে চলমান উদ্বেগের মধ্যে মধ্যপ্রদেশে গির্জায় হামলার এ ঘটনা ঘটল। গত কয়েক মাসে বেশ কয়েকটি খ্রিষ্টান মিশনারি স্কুল ও গির্জায় হামলার ঘটনা ঘটেছে। শনিবার মুম্বাই শহরে একদল মুখোশধারী একটি গির্জায় হামলা চালায়। কয়েক দিন আগে পশ্চিমবঙ্গে ৭২ বছর বয়সী এক খ্রিষ্টান সন্ন্যাসিনী ধর্ষণের শিকার হন।
ধর্মীয় সংখ্যালঘুদের ওপর একের পর এক হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ‘সংখ্যালঘুদের রক্ষায় আমি কঠোর ব্যবস্থা নেব। আমি ঈশ্বরের নামে শপথ করছি, সংখ্যালঘুদের মনে বিরাজমান অনিশ্চয়তার অবসানে সম্ভাব্য সবকিছু করব।’