ভারতে আবার ধর্ষণের পর নারীকে ঝুলিয়ে রাখার অভিযোগ
আবারও ভারতের দুই প্রদেশে দুই নারীকে ধর্ষণের পর গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে। গত রোববার রাতে পশ্চিমবঙ্গ এবং উত্তর প্রদেশে দুই নারীকে গণধর্ষণের পর গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়।
এই ঘটনার প্রতিবাদে গতকাল সোমবার ওই এলাকায় বিক্ষোভ করেছে সিপিএম এবং বিভিন্ন পথ অবরোধ করে জেলা বামফ্রন্ট। আজ মঙ্গলবার রাজ্যজুড়ে বামদের ডাকে এই ঘটনার প্রতিবাদে ধিক্কার মিছিল হয়েছে।
এর আগেও উত্তর প্রদেশে দুই নারীকে ধর্ষণের পর গাছে ঝুলিয়ে রাখা হয়েছিল।
পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির শুনিয়া গ্রামে সিপিএমের স্থানীয় নেতা ব্যোমকেশ গিরির স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়। ব্যোমকেশ গিরি এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ এনে তৃণমূল কংগ্রেসের স্থানীয় ১৫ জন নেতা-কর্মী ও সমর্থকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।
ব্যোমকেশ গিরিসহ সিপিএমের স্থানীয় নেতা-কর্মীরা ২০১১ সালের রাজ্য বিধানসভার নির্বাচনের পর গ্রামছাড়া। সিপিএমের অভিযোগ, জরিমানার অর্থ না দেওয়ায় ওই মহিলাকে ধর্ষণ করার পর খুন করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে। সিপিএম আরও দাবি করেছে, দীর্ঘদিন ধরেই ওই নারীর স্বামী ও ছেলেসহ গ্রামের অনেক নেতা-কর্মী ঘরছাড়া। ওই নারীর স্বামী এবং ছেলেকে গ্রামে আসতে হলে ১২ লাখ টাকা ‘জরিমানা’ দিতে হবে বলে তৃণমূলের স্থানীয় নেতারা ঘোষণা দেন। এরপর ওই জরিমানার টাকা না দেওয়ায় ওই নারীকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন সিপিএম নেতারা।
এদিকে উত্তর প্রদেশের কনৌজ জেলার উমরদা থানা এলাকায় ৩৩ বছর বয়সী এক নারীকে রোববার রাতে গণধর্ষণের পর গাছে ঝুলিয়ে রাখে দুর্বৃত্তরা। গতকাল সোমবার ওই নারীকে উদ্ধার করে পুলিশ। ধর্ষণকারীদের একজন স্থানীয় পঞ্চায়েতপ্রধানের পুত্র বলে অভিযোগ পাওয়া গেছে। সঙ্গে ছিলেন আরও দুজন। পুলিশ এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে। ওই নারী এখন হাসপাতালে চিকিত্সাধীন।