ভারতে আরও তিন বাংলাদেশি মৎস্যজীবীর লাশ উদ্ধার
ভারতের সমুদ্রে ডুবে যাওয়া বাংলাদেশি মাছ ধরার ট্রলার থেকে গতকাল শুক্রবার সন্ধ্যায় আরও তিন বাংলাদেশি মৎস্যজীবীর লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এই ট্রলার থেকে ১০ জনের লাশ উদ্ধার করা হলো।
গত ১৫ আগস্ট ১৬ জন মৎস্যজীবীকে নিয়ে সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল এফবি নুরে আলম নামের বাংলাদেশি ট্রলারটি। কিন্তু ঝড়ের কবলে পড়ে দিগ্ভ্রান্ত হয়ে ট্রলারটি ডুবে গিয়ে ভারতের সীমানায় ভেসে যায়। পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবন অঞ্চলের পার্থপ্রতিমা থানা এলাকার সমুদ্রে ট্রলারটি পাওয়া যায়।
ট্রলারটি পার্থপ্রতিমা থানার রামগঙ্গাঘাটে নিয়ে তা তীরে তুলে গতকাল তল্লাশি চালিয়ে তিনটি লাশগুলো উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলের কাছে ত্রিপাঠিঘাট থেকে একজনের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি বাংলাদেশের মৎস্যজীবীর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে ৩০ আগস্ট সাত বাংলাদেশি মৎস্যজীবীর লাশ উদ্ধার করে পুলিশ।
আজ শনিবার সকালে পশ্চিমবঙ্গের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, লাশগুলো বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ সরকার যেন লাশগুলো তাদের স্বজনের কাছে তুলে দেয়, সেই অনুরোধ জানান তিনি।