ভারতে আলাদা ট্রেন দুর্ঘটনায় নিহত ১৩
ভারতের হরিয়ানা রাজ্যের হিসার জেলায় আজ সোমবার সকালে ট্রেনের সঙ্গে ব্যক্তিগত গাড়ির সংঘর্ষে গাড়ির ১২ জন আরোহী নিহত হয়েছে। নিহত লোকজনের মধ্যে চালক ছাড়া সবাই একই পরিবারের সদস্য। তাদের মধ্যে চারটি শিশু রয়েছে।
স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, হরিয়ানা রাজ্যের বালাক গ্রামের একটি পরিবার ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিল। গাড়িটি হিসার থেকে ৩০ কিলোমিটার দূরে সারসদ গ্রামের কাছে কুয়াশার মধ্যে একটি লেভেল ক্রসিং পার হচ্ছিল। এ সময় একটি প্যাসেঞ্জার ট্রেন গাড়িটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
এ ছাড়া দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিংয়ে টয়ট্রেন দুর্ঘটনায় এক নারী মারা গেছেন। টয়ট্রেনটি শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার পথে তিন ধারিয়া এলাকায় ব্রেক ফেল করে। এ সময় ট্রেনটির গতি বেড়ে গিয়ে সামনের দিক চলতে শুরু করলে ভয় পেয়ে ওই নারী যাত্রী তাঁর সন্তানকে কোলে নিয়ে ট্রেন থেকে ঝাঁপ দেন। এ ঘটনায় তাঁর সন্তান গুরুতর জখম হয়। এ ছাড়া ওই ট্রেনের ২০ যাত্রী আহত হয়েছেন।