ভারতে আশ্রয় নেওয়া ধর্মীয় সংখ্যালঘুরা নাগরিকত্ব পাচ্ছেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমতায় আসার আগে নির্বাচনী জনসভায় নরেন্দ্র মোদি বলে আসছিলেন, দল সরকারে এলে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে যেসব ধর্মীয় সংখ্যালঘু বিভিন্ন সময় ভারতে এসে আশ্রয় নিয়েছেন, তাঁদের নাগরিকত্ব দেওয়া হবে।

মোদির ক্ষমতায় আসার দুই বছর পূর্ণ হয়েছে। এই সময়ের মধ্যে সেই প্রতিশ্রুতি পূরণ করেননি তিনি। তবে এবার হয়তো প্রতিশ্রুতি পূরণ করতে যাচ্ছেন। অন্তত তেমনই ইঙ্গিত মিলেছে দেশটির কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈদেশিক বিভাগ থেকে।

আগামী ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। এদিন প্রধানমন্ত্রী মোদি তাঁর ভাষণে ভারতে আশ্রয় নেওয়া ধর্মীয় সংখ্যালঘু উদ্বাস্তুদের নাগরিকত্ব উপহার দিতে পারেন।

বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে যেসব হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, পার্সি, জৈন ও শিখরা ভারতে এসে আশ্রয় নিয়েছেন, তাঁদের এই নাগরিকত্ব দেওয়ার ঘোষণা আসতে পারে।

আজ কলকাতার একটি সংবাদপত্র কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈদেশিক বিভাগের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, আগামী জুলাই মাসে ভারতীয় পার্লামেন্ট অধিবেশন। ওই অধিবেশনে ১৯৫৫ সালের ভারতীয় নাগরিকত্ব আইনের সংশোধনী পাস করানো হতে পারে।

ধর্মীয় সংখ্যালঘু উদ্বাস্তুদের নাগরিকত্ব প্রদানের জন্য ইতিমধ্যে ওই আইনের খসড়া সংশোধনী প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খসড়া প্রকাশ করে সাধারণ মানুষের মতামতও চাওয়া হয়েছে।