ভারতে উপনির্বাচনে কংগ্রেসের ভালো-মন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে বিজেপি শাসিত গুজরাট ও রাজস্থানে ভালো ফল করার পর মধ্যপ্রদেশ বিধানসভার দুটি কেন্দ্রের উপনির্বাচনেও কংগ্রেসের জয়জয়কার। তবে ওডিশায় নিজেদের দখলে থাকা কেন্দ্রটি কংগ্রেস হারিয়েছে। কেন্দ্রটি দখলে নিয়েছে রাজ্যের শাসক বিজু জনতা দল (বিজেডি)।

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এই জয়ের পর বৃহস্পতিবার এক টুইটে মধ্য প্রদেশের জনতাকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, পরাজয় হলো বিজেপির ‘ঔদ্ধত্য ও অপশাসনের’।
উপনির্বাচন হয় মধ্যপ্রদেশের কোলারস ও মুঙ্গাওলি এবং ওডিশার বিজেপুর বিধানসভায়। তিনটি আসনই ছিল কংগ্রেসের দখলে। বিজেপুরে বিজেডি প্রার্থী করে রীতা সাহুকে, যাঁর স্বামী কংগ্রেসের সুবল সাহু মারা যাওয়ায় আসনটি খালি হয়েছিল। ভোটে রীতা জেতেন। কিন্তু দ্বিতীয় হন বিজেপি প্রার্থী। কংগ্রেস নেমে যায় তৃতীয় স্থানে। বিজেপির প্রবল চেষ্টা সত্ত্বেও মধ্যপ্রদেশের দুটি আসন কংগ্রেস অবশ্য ধরে রাখে। যদিও ভোটের মার্জিন হয়েছে যথেষ্ট কম। কোলারসে কংগ্রেস জিতেছে আট হাজার, মুঙ্গাওলিতে দুই হাজারের কিছু বেশি ভোটের ব্যবধানে।

মধ্যপ্রদেশে কংগ্রেসকে হারাতে চেষ্টার কোনো ত্রুটি রাখেননি মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। টানা দুই সপ্তাহ ওই দুই কেন্দ্রে তিনি ঘাঁটি গেড়ে ছিলেন। ৪০টি জনসভা করেছেন, রোড শো করেছেন ১২টি। প্রচারে নামিয়ে ছিলেন ২১ জন মন্ত্রীকে। কেন্দ্র দুটি কংগ্রেসের কাছ থেকে ছিনিয়ে নিতে এই ভোটকে তিনি শিবরাজ বনাম জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আখ্যা দিয়েছিলেন। ভোটারদের বলেছিলেন, এই দুই কেন্দ্রের উন্নয়নের জন্য তাঁকে মাত্র পাঁচ মাস সময় দেওয়া হোক। পাঁচ মাসে পাঁচ বছরের উন্নয়ন করে দেবেন। কিন্তু ভোটাররা সেই আবেদনকে প্রত্যাখ্যান করে কংগ্রেসকেই সমর্থন জানান।

জ্যোতিরাদিত্যর কাছেও এটা ছিল সম্মানের ভোট। কারণ, দুটি কেন্দ্রই তাঁর লোকসভা কেন্দ্র গুণার অন্তর্গত। তা ছাড়া পরবর্তী ভোটে কংগ্রেস জিতলে তিনি মুখ্যমন্ত্রিত্বের জোরাল দাবিদার। তাই দলীয় প্রার্থীদের জেতাতে তিনিও মাটি কামড়ে পড়েছিলেন।

চলতি বছরের শেষে মধ্যপ্রদেশ বিধানসভার ভোট। একই সঙ্গে ভোট হবে বিজেপি শাসিত রাজস্থান ও ছত্তিশগড়েও। এই তিন রাজ্যে শাসনক্ষমতা ধরে রাখার ওপর নির্ভর করবে ২০১৯ সালে লোকসভা ভোটে বিজেপির জয়ের ধারা অব্যাহত থাকবে কি না। তিন রাজ্যের মোট ৬৫টি লোকসভা আসনের মধ্যে ২০১৪ সালে বিজেপি জিতেছিল ৬২টি। বাকি ৩টি কংগ্রেস।
ধারাবাহিকভাবে বিভিন্ন রাজ্যের উপনির্বাচনে কংগ্রেসের ভালো ফল কর্ণাটক নির্বাচন নিয়েও তাদের আশাবাদী করে তুলেছে। দক্ষিণ ভারতের এই রাজ্য কংগ্রেসের দখলে। সেটি ছিনিয়ে নিতে কোমর কষে নেমেছে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতিমধ্যেই তিনবার রাজ্যে প্রচার করে গেছেন। এসেছেন বিজেপি সভাপতি অমিত শাহও। কংগ্রেসকে হারিয়ে দ্বিতীয়বারের জন্য রাজ্যে ক্ষমতায় আসতে বিজেপি নির্ভর করছে সাবেক মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার ওপর। দুর্নীতির অভিযোগে তাঁকে পদত্যাগ করতে হয়েছিল। দল থেকেও বহিষ্কৃত হয়েছিলেন। কিন্তু মোদি তাঁকে ফের দলে ফিরিয়েছেন। পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর নামও ঘোষিত। অন্যদিকে কংগ্রেস ভরসা রেখেছে মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার ওপর।

আগামী শনিবার ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ড বিধানসভার ভোট গণনা। বুথ ফেরত সমীক্ষার ফল অনুযায়ী ত্রিপুরায় বামপন্থীদের হারিয়ে বিজেপির জয়ের সম্ভাবনা প্রবল। নাগাল্যান্ডেও তারা জোটসঙ্গীর সঙ্গে সরকার গড়ার আশা করছে। মেঘালয়ে প্রধান প্রতিপক্ষ কংগ্রেস। ত্রিপুরায় বিজেপি জিতলে উপনির্বাচনের হতাশা দূর তো হবেই, অন্যভাবে উজ্জীবিত হয়ে উঠবে বিজেপি।