ভারতে এক দিনে করোনার টিকার এক কোটি ডোজ প্রয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল শুক্রবার টিকার এক কোটি ডোজ প্রয়োগ করা হয়েছে
ফাইল ছবি: রয়টার্স

ভারতে এক দিনে করোনাভাইরাসের টিকার এক কোটি ডোজ প্রয়োগ করা হয়েছে। টিকা প্রয়োগের ক্ষেত্রে এই প্রথম ভারত এমন মাইলফলক ছুঁয়ে ফেলল। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় আজ শনিবার এই তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ সম্প্রতি ভারতে কমে এসেছে। কিন্তু দেশটির বিশেষজ্ঞরা ইতিমধ্যে সতর্কবার্তা দিয়েছেন, করোনার সংক্রমণ আবারও বাড়তে পারে। এই সংক্রমণ ঠেকাতে টিকা প্রয়োগের হার বাড়িয়েছে ভারত।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় আজ বলেছে, গতকাল শুক্রবার এক কোটি ডোজ প্রয়োগ করা হয়েছে। এর আগে এক দিনে সর্বোচ্চ ৯২ লাখ ডোজ প্রয়োগ করা হয়েছিল।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একে গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে আখ্যা দিয়েছেন। এক টুইট বার্তায় তিনি লিখেছেন, যাঁরা টিকা নিচ্ছেন, তাঁরা এই টিকা কর্মসূচিকে সফল করছেন।

গত জানুয়ারিতে ভারতে করোনার টিকা দেওয়া শুরু হয়। কেন্দ্রীয় সরকারের লক্ষ্য ছিল চলতি বছরে তারা ১১০ কোটি নাগরিককে টিকা দেবে। কিন্তু টিকার ঘাটতি, প্রশাসনিক দ্বিধাদ্বন্দ্বের কারণে এই কর্মসূচির গতি কমে যায়। এ পর্যন্ত ১৫ শতাংশ মানুষকে টিকা দেওয়া সম্ভব হয়েছে।

এদিকে ভারতে গতকাল শুক্রবার নতুন করে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে ৪৬ হাজার। আর মারা গেছেন ৫০০ জন। সরকারের হিসাব অনুসারে, দুই মাসের মধ্যে গতকালই সবচেয়ে বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে। নতুন করে এই সংক্রমণ বৃদ্ধির কারণ হিসেবে কেরালার সংক্রমণ বৃদ্ধিকে দায়ী করা হচ্ছে।