ভারতে এক বাড়িতে ৬ লাশ
ভারতের ঝাড়খন্ডের একটি বাড়ি থেকে এক পরিবারের ছয় সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার ঝাড়খন্ডের হাজারিবাগ এলাকার একটি বাড়ি থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
তাঁরা হলেন মহাবীর মাহেশ্বরী (৭০), কিরণ মাহেশ্বরী (৬৫), নরেশ মাহেশ্বরী (৪০), প্রীতি মাহেশ্বরী (৩৮), আমন মাহেশ্বরী (৮) ও আনভি মাহেশ্বরী (৬)।
চলতি মাসের শুরুতে দিল্লিতে বুরারিতে এক পরিবারের ১১ জনের লাশ উদ্ধারের ঘটনার রেশ না কাটতেই আরও একটি পরিবারে এমন ঘটনা ঘটল।
এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে গিয়ে দুজনের ঝুলন্ত ও দুজনের গলাকাটা লাশ দেখতে পায়। পুলিশ বলছে, একটি শিশুকে বাড়ির ছাদ থেকে ফেলে ও অন্য শিশুকে বিষ খাইয়ে মারা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
প্রাথমিক তদন্তে পরিবারটি ঋণগ্রস্ত ছিল বলে জানতে পারে পুলিশ। পুলিশ ঘটনাস্থলে তিনটি ‘চিরকুট’ পেয়েছে, যার একটিতে ৫০ লাখ রুপি ঋণের বিষয়ে লেখা রয়েছে। এই ঋণ তাদের পক্ষে পরিশোধ করা সম্ভব ছিল না। চিঠিতে বাড়ির দলিলের ‘পাওয়ার অব অ্যাটর্নি’ দেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
পুলিশ বলছে, একটি চিরকুটে লেখা রয়েছে, ছোট ছেলেটি গলায় ফাঁস নিতে রাজি না হওয়ায় তাকে ছাদে নিয়ে ফেলে দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা মনে হলেও হত্যার বিষয়টিও বাদ দিচ্ছে না পুলিশ। তারা বলছে, ‘আমরা দুই দিক বিবেচনায় নিয়েই তদন্ত করছি। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।’
দিল্লির বুরারির ঘটনার এখনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। এখনো তদন্ত চলছে। এর মধ্যে সম্প্রতি মহারাষ্ট্র রাজ্যের রায়গাদ এলাকায় ফিনাইল খেয়ে আত্মহত্যার চেষ্টা চালায় একই পরিবারের পাঁচ সদস্য। তাদের অবস্থা এখনো গুরুতর। এর মধ্যে আবার এ ঘটনা ভারতের জনগণের মনে উদ্বেগ সৃষ্টি করেছে।