ভারতে এখন তাৎক্ষণিকভাবে তিন তালাকে বিবাহবিচ্ছেদ ফৌজদারি অপরাধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংখ্যাগরিষ্ঠতা না থাকলেও বিরোধীদের পরোক্ষ সহায়তায় রাজ্যসভাতেও পাস হয়ে গেল তিন তালাক বিল। দিন কয়েক আগে লোকসভায় বিলটি ধ্বনি ভোটে পাস হয়েছিল। বিলের বিরোধিতা করে সভাকক্ষ ত্যাগ করেছিলেন কংগ্রেস, ডিএমকে, তৃণমূল কংগ্রেস ও সমাজবাদী পার্টির সাংসদেরা। আজ মঙ্গলবার সন্ধ্যায় কোনো কোনো বিরোধী দলের সহযোগিতায় সংখ্যাগরিষ্ঠতা না থাকলেও ৯৯-৮৪ ভোটে রাজ্যসভায় পাস হয়ে যায় বিলটি।

এই বিলের আনুষ্ঠানিক নাম ‘মুসলিম উইমেন (প্রোটেকশন অব রাইটস অন ম্যারেজ) বিল’ যা ‘তিন তালাক বিল’ নামে পরিচিত। এই বিল অনুযায়ী একই সঙ্গে তাৎক্ষণিকভাবে তিনবার ‘তালাক’ উচ্চারণ করে বিবাহবিচ্ছেদ ঘটানো ফৌজদারি অপরাধ বলে গণ্য হবে। চিঠিতে তিনবার তালাক লেখা, মুঠোফোনে তালাক বার্তা পাঠানো অথবা ফোনে বলে দেওয়া সবকিছুই অপরাধ বলে গণ্য করা হবে। এভাবে বিবাহবিচ্ছেদ ঘটানোর অপরাধে সংশ্লিষ্ট ব্যক্তির তিন বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। এইভাবে বিবাহবিচ্ছিন্ন নারী নিজের ও শিশুসন্তানদের ভরণপোষণের জন্য ম্যাজিস্ট্রেটের দ্বারস্থ হতে পারবেন। শিশুসন্তানের ভার কে পাবেন, তা ঠিক করার অধিকার থাকবে ম্যাজিস্ট্রেটের।

পৃথিবীর ২০টি দেশে এ রকম তাৎক্ষণিকভাবে তিনবার তালাক শব্দ উচ্চারণের মাধ্যমে বিবাহবিচ্ছেদ নিষিদ্ধ।

বিরোধীদের মূল আপত্তি তিন বছরের কারাদণ্ড নিয়ে। তাঁরা এই অপরাধকে ফৌজদারি গণ্য না করার দাবি জানান। কিন্তু এই সংক্রান্ত প্রস্তাব সরকার গ্রাহ্য করেনি। সংশোধনীও সমর্থন করেনি। সরকারপক্ষের বক্তব্য, বিলের বিধান চটজলদি তালাকের প্রবণতা বন্ধে সাহায্য করবে।

আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদের মতে, এই বিল আইনে পরিণত হলে মুসলিম নারীদের ক্ষমতায়ন বেড়ে যাবে, যা সমাজের পক্ষে হিতকর হবে। গত লোকসভা ভোটে বিজেপি নেতারা এই বিষয়ে প্রচার চালিয়েছিলেন। তাঁদের দাবি, সামাজিক সংস্কারের পাশাপাশি এই আইন মুসলিম নারীদের বিজেপির প্রতি আকৃষ্ট করেছে।

আজ সন্ধ্যায় বিল নিয়ে ভোটাভুটি শুরুর আগেই সংযুক্ত জনতা দল ও এআইএডিএমকে সদস্যরা সভাকক্ষ ত্যাগ করেন। তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির সমর্থনও বিজেপি আদায় করে। যেভাবে তথ্য জানার অধিকার বিল রাজ্যসভায় পাস করানো হয়েছিল, এই বিলটিও সেভাবেই পাস হলো। বিরোধী নেতা কংগ্রেসের গুলাম নবি আজাদ বলেন, মুসলিম নারীদের ক্ষমতায়নের পক্ষে তাঁরাও। তড়িঘড়ি বিলটি পাস না করে আরও বিবেচনার জন্য বিলটি সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবি তাঁরা জানিয়েছিলেন। কিন্তু সরকার তাতে রাজি না হওয়ায় বাধ্য হয়েই তাঁরা বিলের বিরুদ্ধে ভোট দিচ্ছেন।

সংখ্যাগরিষ্ঠতা না থাকায় নরেন্দ্র মোদির প্রথম দফার সরকার এই বিল রাজ্যসভায় পাস করাতে পারেনি। সংখ্যাগরিষ্ঠতা এবারও ছিল না। কিন্তু প্রয়োজনীয় সমর্থন সরকার আদায় করে নিয়েছে।