ভারতে এবার সাংসদের সহযোগী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুপ্তচরবৃত্তির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দিল্লি পুলিশ এবার গ্রেপ্তার করেছে সমাজবাদী পার্টির এক সাংসদের সহযোগীকে। দিল্লি পুলিশের অভিযোগ, দুই দিন আগে পাকিস্তান হাইকমিশনে কর্মরত যে ব্যক্তিকে আটক করা হয়, সমাজবাদী পার্টির নেতার এই সহযোগী তাঁরই সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছিলেন।
রাজ্যসভায় সমাজবাদী পার্টির সাংসদ মুনাওয়ার সেলিমের ব্যক্তিগত সহকারী ফারহাতকে গতকাল শনিবার পুলিশ গ্রেপ্তার করে। আপাতত তাঁকে জেরা করা হচ্ছে। পুলিশ সূত্রের খবর, এই গুপ্তচরবৃত্তির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে আরও কয়েকজনকে ধরা হতে পারে।
পাকিস্তান হাইকমিশনের কর্মী মেহমুদ আখতারকে দুই দিন আগে দিল্লি পুলিশ চিড়িয়াখানার কাছ থেকে আটক করে। একই সঙ্গে গ্রেপ্তার করা হয় দুই ভারতীয়কেও, যাঁরা পাকিস্তান হাইকমিশনের কর্মীর সঙ্গে গুপ্তচরবৃত্তি করছিলেন বলে অভিযোগ। কূটনৈতিক রক্ষাকবচ থাকার দরুন মেহমুদ আখতারকে জিজ্ঞাসাবাদ করে হাইকমিশনের হাতে তুলে দিয়ে বলা হয়, ৪৮ ঘণ্টার মধ্যেই তাঁকে ভারত ছাড়তে হবে। পাকিস্তানও ওই দিন রাতে ভারতীয় হাইকমিশনের এক কর্মীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে দেশ ছাড়তে বলে। এরপর শোয়েব নামে এক ভারতীয় নাগরিককে রাজস্থান রাজ্যের যোধপুর থেকে পুলিশ গ্রেপ্তার করে দিল্লিতে নিয়ে আসে। গতকাল ধরা হলো ফারহাতকে।
মুনাওয়ার সেলিমকে উত্তর প্রদেশ থেকে রাজ্যসভায় মনোনীত করে সমাজবাদী পার্টি ২০১২ সালে। তিনি গতকাল সংবাদমাধ্যমকে বলেন, ধৃত ব্যক্তি এক বছর ধরে তাঁর সঙ্গে কাজ করছিলেন। এর আগে দলেরই অন্য সাংসদের সঙ্গে ১০ বছর কাজ করেছিলেন। সেলিম বলেন, ফারহাত উত্তর প্রদেশের কৈরানা জেলার বাসিন্দা। তাঁকে নিয়োগের সময় নিয়মমতো পুলিশ ‘ভেরিফিকেশন’ করানো হয়েছিল।
পাকিস্তান হাইকমিশনের কর্মী আখতারের সঙ্গে দেশটির প্রভাবশালী গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সক্রিয় যোগাযোগ আছে বলে পুলিশের অভিযোগ। তিনি ভিসা বিভাগে কাজ করতেন। সেই সুবাদে গুপ্তচর নিযুক্ত করতেন। যে ভারতীয়রা ধরা পড়েছেন, তাঁরা আখতারকে সীমান্তে বিএসএফ মোতায়েনের খবরাখবর ছাড়াও প্রতিরক্ষা-সংক্রান্ত নানা গোপন তথ্য সরবরাহ করতেন। এই চর চক্রে ফারহাতের ভূমিকা কী ছিল, পুলিশ এখনো তা স্পষ্ট করে বলেনি।