ভারতে কমে গেছে ৪১ বাঘ
ভারতে চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত ৪১টি বাঘ কমে গেছে। আজ বুধবার ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি ও বন্যপ্রাণী ঘিরে বাণিজ্য নজরদারির নেটওয়ার্ক ট্রাফিক-ইন্ডিয়ার তথ্যের ভিত্তিতে টাইমস অব ইন্ডিয়া অনলাইনের খবরে এ কথা জানানো হয়।
ভারতের রাজ্য ও কেন্দ্রীয় সরকার বারবার বাঘ সংরক্ষণের কথা বললেও বাঘের মৃত্যু ঠেকাতে পারছে না। কর্ণাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও তামিলনাড়ুতে সবচেয়ে বেশি সংখ্যায় বাঘের মৃত্যু হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তথ্যে দেখা যাচ্ছে, সব বাঘের মৃত্যু স্বাভাবিকভাবে হয়নি। বেশির ভাগ বাঘকে গুলি করে, ফাঁদে ফেলে বা বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে।
বাঘ সংরক্ষণে নেওয়া উদ্যোগের প্রসঙ্গে রাজস্ব ও বন বিভাগের সচিব বিকাশ খারজে বলেন, বাঘ সংরক্ষণ প্রকল্পে বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনকে শুভেচ্ছা দূত করা হয়েছে। আশা করা হচ্ছে, এর ফলে বাঘ সংরক্ষণের ব্যাপারে সচেতনতা সৃষ্টির বিষয়ে ইতিবাচক ফল পাওয়া যাবে। কীভাবে কাজটি করা হবে, এ ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিষয়টি নিয়ে অমিতাভের সঙ্গে আলোচনা চলছে। এই কর্মকর্তা বলেন, অমিতাভ একজন বাঘ প্রেমিক। এই প্রকল্পে তাঁর সংশ্লিষ্টতা সাধারণ মানুষের কাছে বাঘ সংরক্ষণের ব্যাপারে বার্তা পৌঁছে দিতে সহায়ক হবে।
বিকাশ খারজে জানান, মহারাষ্ট্রে বাঘের সুরক্ষায় দায়িত্ব পালনের জন্য ১২০ জনের একটি বাহিনী গঠন করা হয়েছে। চারটি সংরক্ষিত বনে তারা দায়িত্ব পালন করবে।