ভারতে করোনা শনাক্তের হার ২.১৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতে করোনার দ্বিতীয় ঢেউ এখন অনেকটাই স্তিমিত হয়ে এসেছে।
ছবি: এএফপি

ভারতে গত ২৪ ঘণ্টায় ৩৫ হাজার ৩৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে দেশটিতে করোনায় মারা গেছেন ৪৮৩ জন। আজ শুক্রবার এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সর্বশেষ তথ্য নিয়ে ভারতে করোনা সংক্রমণ শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১২ লাখ ৯৩ হাজার ৬২। করোনায় মারা যাওয়া মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ১৯ হাজার ৪৭০।

ভারতে এক মাসের বেশি সময় ধরে দৈনিক ৩ শতাংশের নিচে করোনা শনাক্ত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২ দশমিক ১৪।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী, কোনো দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে কি না, তা বোঝার একটি নির্দেশক হলো রোগী শনাক্তের হার। কোনো দেশে টানা দুই সপ্তাহের বেশি সময় পরীক্ষার বিপরীতে রোগী শনাক্ত ৫ শতাংশের নিচে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে ধরা যায়।

ভারতে করোনা থেকে রোগীদের সেরে ওঠার হার বাড়ছে। এই হার ৯৭–এর বেশি।

দেশটিতে ৪২ কোটির বেশি মানুষকে এখন পর্যন্ত টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল বৃহস্পতিবার প্রায় ৫০ লাখ মানুষ টিকা পেয়েছেন।

ভারতে করোনার দ্বিতীয় ঢেউ এখন অনেকটাই স্তিমিত হয়ে এসেছে। এমন পরিস্থিতিতে দেশটিতে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করা হচ্ছে। আগস্টের শেষ দিকে ভারতে করোনার তৃতীয় ঢেউ আঘাত হানতে পারে বলে সতর্ক করা হয়েছে।

গত মার্চের মাঝামাঝিতে ভারতে এক দিনে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। এরপর দেশটিতে সংক্রমণ লাফিয়ে বাড়ে। গত ৭ মে ভারতে এক দিনে সর্বোচ্চ ৪ লাখ ১৪ হাজারের বেশি রোগী শনাক্তের তথ্য জানানো হয়।

গত ৪ এপ্রিল ভারতে করোনা সংক্রমণে শনাক্ত রোগীর সংখ্যা দুই কোটির মাইলফলক ছাড়ায়। ২৩ জুন ছাড়ায় তিন কোটির মাইলফলক। ২৩ মে করোনায় মৃত্যু তিন লাখের মাইলফলক ছাড়ায়। আর ২ জুলাই মৃত্যু চার লাখের মাইলফলক ছাড়ায়।

বিশ্বের কোনো দেশে এক দিনে সর্বোচ্চসংখ্যক করোনা রোগী শনাক্তের রেকর্ড ভারতের দখলে। ২২ এপ্রিলের আগপর্যন্ত এ রেকর্ড যুক্তরাষ্ট্রের দখলে ছিল।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, বিশ্বে সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রের পর ভারত। ভারতের পর ব্রাজিল। আর মৃত্যুর দিক দিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান সবার ওপরে। ব্রাজিল দ্বিতীয়। ভারত তৃতীয়।